ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সুন্দলপুর গ্যাস ক্ষেত্রে ৩০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর।
গত ১৭ অগাস্ট নোয়াখালীর শাহজাদপুরে এই ক্ষেত্রে গ্যাস পায় তেল-গ্যাস অনুসন্ধানকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
হোসেন মনসুর রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুন্দলপুর গ্যাস ক্ষেত্রের একটি কূপে আনুমানিক ৩০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুদ রয়েছে। এই কূপটি একটি চ্যানেলের মধ্যে পড়েছে। তাই ধারণা করছি, সেখানে মজুদ গ্যাসের পরিমাণ আরো বেশি হতে পারে।"
আগামীতে সেখানে আরো কূপ খনন করা হবে জানিয়ে তিনি বলেন, "বর্তমান অনুসন্ধান কূপটি শিগগিরই বণিজ্যিক কূপে রূপান্তরের কাজ শুরু হবে।"
এ নিয়ে এ পর্যন্ত তিনটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করলো বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সহযোগী প্রতিষ্ঠান বাপেক্স। ১৯৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম, ১৯৯৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার সালদায় দ্বিতীয় গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে প্রতিষ্ঠানটি।
এছাড়া ২০০৪ সালে কুমিল্লার শ্রীকাইলে একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত সেখানে গ্যাস মেলেনি।
গত বছরের ২১ ডিসেম্বর শাহজাদপুর গ্রামে সাড়ে তিন একর জমিতে খনন শুরুর প্রায় আট মাস পর সুন্দলপুর ক্ষেত্রে গ্যাস পাওয়া যায়।
গ্যাস পাওয়ার পর ১৭ অগাস্ট এক সংবাদ সম্মেলনে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুর্তজা আহমেদ ফারুক জানিয়েছিলেন, ওই ক্ষেত্র থেকে প্রতিদিন ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করছেন তারা।
সুন্দলপুর তেল, গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভূ-পৃষ্ঠের ১ হাজার ৪০০ মিটার নিচেই গ্যাস পাওয়া গেছে এই কূপে। দেশে এর আগে এতো কম গভীরতায় আর কোনো ক্ষেত্রে গ্যাস পাওয়া যায়নি। হবিগঞ্জ ক্ষেত্রে গ্যাস পাওয়া গিয়েছিল ১ হাজার ৫০০ মিটার নিচে।
প্রকল্পটি ২০০৮ সালের ২২ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন পায়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে এ প্রকল্প বাবদ ব্যয় ধরা হয় ৭৩ কোটি ৬৫ লাখ টাকা।
সুন্দলপুর নিয়ে দেশে মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা দাঁড়ালো ২৪টি। নতুন এই গ্যাস কূপ থেকে উৎপাদন শুরু হলে চালু কূপের সংখ্যা হবে ৮০টি।
বাপেক্স এমডি বলেন, "সুন্দলপুর ক্ষেত্রের গ্যাস দিয়ে চট্টগ্রামের সংকট অনেকটাই কাটিয়ে ওঠা যাবে বলে আশা করছি আমরা। নতুন এই ক্ষেত্র থেকে নোয়াখালীর মাজইদী এবং ফেনীতেও গ্যাস সরবরাহ করা হবে।"
সুন্দলপুরের গ্যাস আগামী বছরের মার্চ-এপ্রিলে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, দেশে প্রমাণিত ও সম্ভাব্য মজুদ গ্যাসের পরিমাণ ২০ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এর মধ্যে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করা হয়েছে নয় দশমিক ৪৩ টিসিএফ। সে হিসেবে বর্তমানে গ্যাসের মজুদ রয়েছে ১১ দশমিক ২০ টিসিএফ।
দেশে বর্তমানে দৈনিক ২৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে ২০০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। সে হিসেবে ঘাটতি থাকছে ৫০ কোটি ঘনফুট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১০৩১ ঘ.
bdnews24