২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে মিলন হত্যা: গ্রেপ্তার আরো ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শামছুদ্দিন মিলনকে পিটিয়ে হত্যায় জড়িত অভিযোগে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

নোয়াখালী, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে শামছুদ্দিন মিলনকে পিটিয়ে হত্যায় জড়িত অভিযোগে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বসুরহাট বাজার থেকে আবুল খায়ের (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। খায়ের কোম্পানীগঞ্জের চরকাঁকড়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে এই ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হলো। গত ১৩ অগাস্ট শাহ আলম (২৮), ১৪ অগাস্ট জাফর ইকবাল (৩০), হারুন-অর-রশিদ (৩০) ও আব্দুল খালেককে (৩৪) গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা কর্মকর্তা বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে খায়েরকে গ্রেপ্তার করে জেলা সদরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরো বলেন, পুলিশের ভ্যান থেকে নামিয়ে দেওয়ার পর জনতা মিলনকে পিটিয়ে হত্যার সময় মোবাইল ফোন সেটে ধারণ করা একটি ভিডিওচিত্র থেকে খায়েরকে সনাক্ত করা হয়। ভিডিওতে মিলনের গায়ে লাথি মারতে দেখা যায় খায়েরকে। 'ডাকাত সন্দেহে' পিটুনিতে গত ২৭ জুলাই চরকাঁকড়া গ্রামের টেকের বাজারে মিলন নিহত হন। তাকে পরিকল্পিতভাবে পুলিশের সহায়তায় হত্যা করার অভিযোগে তার মা কহিনুর বেগম গত ৩ অগাস্ট আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে ৮ অগাস্ট মামলাটি কোম্পানীগঞ্জ থানায় নথিভুক্ত করা হয়। ১১ অগাস্ট মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবিতে) স্থানান্তর হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৫৭ ঘ.