চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার শেষভাগে এসে চট্টগ্রামের বাজারে আরেক দফা বেড়েছে সবজির দাম। খুচরা বিক্রেতারা অধিকাংশ সবজি বিক্রি করছেন পাইকারি বাজারের দ্বিগুণ দামে।
বিক্রেতারা বলছেন, সা¤প্রতিক বৃষ্টিতে সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণেই বাজার চড়া।
শনিবার নগরীর রেয়াজুদ্দিন বাজার, কাজীর দেউড়ি বাজার, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, বক্সিরহাট, বহদ্দারহাটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এই চিত্র। বেড়েছে কাঁচা মরিচ, ধনে পাতা, মাছ ও ব্রয়লার মুরগির দামও।
চট্টগ্রামের অন্যতম পাইকারি বাজার রেয়াজুদ্দিন বাজারে শনিবার প্রতি কেজি পটল ৩০ টাকা দরে বিক্রি হলেও দুই কিলোমিটার দূরে কাজীর দেউড়ি বাজারে গিয়েই তার দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে।
কাজীর দেউড়ি, চকবাজার এবং কর্ণফুলী কমপ্লেক্সে শনিবার প্রতি কেজি ঝিঙে বিক্রি হয় ৬০ টাকায়। এছাড়া বরবটি ৮০ টাকা, শশা ৫০, কাকরোল ৬০, মিষ্টি কুমড়া ৩২, টমেটো ৮০-৮৫, ঢেঁড়শ ৫৫-৬০ এবং আলু ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
অথচ একইদিনে রেয়াজুদ্দিন বাজারের পাইকারি দোকানে প্রতি কেজি ঝিঙে ৩০ টাকা, বরবটি ৩৫ থেকে ৪০ টাকা, শশা ২২ থেকে ২৫ টাকা, কাকরোল ৩০ টাকা, টমেটো ৪৫-৫০ টাকা, মিষ্টি কুমড়া ১৮ টাকা, ঢেঁড়শ ৩৫ টাকা এবং আলু ১৩ টাকায় বিক্রি হয়েছে।
রেয়াজুদ্দিন বাজারের খুচরা দোকানগুলোতেও পটল ৪০ টাকা, ঝিঙে ৪০, বরবটি ৪০ থেকে ৫০, কাকরোল ৪০, শশা ৩০ থেকে ৩৫, মিষ্টি কুমড়া ২৫ থেকে ৩০, টমেটো ৯০, ঢেঁড়শ ৭০ এবং আলু ১৫-১৬ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সবজি বাজারের এই পরিস্থিতির জন্য খুচরা বিক্রেতারা বৃষ্টিকে দুষছেন।
বহদ্দারহাট বাজারের ব্যবসায়ী মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সা¤প্রতিক বৃষ্টির কারণে উৎপাদন কমে গেছে। চাহিদা অনুযায়ী সবজি পাওয়া যাচ্ছে না। তাই দাম বেশি।
তবে পাইকাররা বলছেন, খুচরা বাজারে যে দামে সবজি বিক্রি হচ্ছে তা অযৌক্তিক।
রেয়াজুদ্দিন বাজার আড়তদার সমিতির সভাপতি আবুল বশর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুচরা ব্যবসায়ীরা বেশি দাম নিচ্ছেন। পাইকারি বাজারের চেয়ে দ্বিগুণ দাম আদায় করছেন তারা।"
কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা
শনিবার নগরীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৪০ টাকায়। অর্থাৎ, পাইকারি দামের চেয়ে ৮০ টাকা বেশি গুণতে হয়েছে ক্রেতাদের। অথচ গত সপ্তাহেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৬০ টাকা।
কাজীর দেউড়ি বাজারের ব্যবসায়ী মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রমজানে কাঁচা মরিচের চাহিদা বছরের অন্য সময়ের চেয়ে কয়েকগুণ বেড়ে যায়। তাছাড়া এবার বৃষ্টির কারণে সরবরাহও কম। তাই মরিচের দাম বাড়ছে।"
শনিবার প্রতি কেজি ধনে পাতা বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকায়।
মুরগির দাম বেড়েছে ২৫ টাকা
শনিবার প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। অথচ গত সপ্তাহেও দাম ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, মুরগির খাবার ও বাচ্চার দাম এবং অন্যান্য খরচ বাড়ায় ব্রয়লার মুরগির দাম বেড়েছে।
কাজীর দেউড়ি বাজারের খুচরা ব্যবাসায়ী আজীজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে প্রতিটি বাচ্চার দাম ৬৭ টাকা। তাছাড়া খাবার ও আনুষঙ্গিক খরচ বাড়ায় মুরগির দামও বাড়াতে হয়েছে।
চকবাজারে বাজার করতে আসা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গেল সপ্তাহেও ১৩৫ টাকা দরে মুরগি কিনেছি। অথচ শবে কদরের কারণে দাম বাড়িয়ে দিয়েছে।"
কোনো কোনো দোকানি ১৬৫ টাকাও দাম হেঁকেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএম/জেকে/২১১৫ ঘ.
bdnews24