চুয়াডাঙ্গা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণের কারণে চুয়াডাঙ্গার একটি খামারের প্রায় সাড়ে ২১ হাজার মুরগি মেরে ফেলার পাশাপাশি আট হাজার ডিম মাটিচাপা দেওয়া হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কোহিনুর ইসলাম জানান, শনিবার সকালে প্রশাসনের সহযোগিতায় রাফিদ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির এসব মুরগি মেরে ফেলা হয়।
কোহিনুর ইসলাম জানান, গত কয়েকদিন ধরেই রাফিদ পোল্ট্রি খামারে মুরগি মারা যাচ্ছিল। সন্দেহ হওয়ায় মরা মুরগির নমুনা ১৯ অগাস্ট ঢাকায় পাঠানো হয়।
"শুক্রবার সন্ধ্যায় আমরা রিপোর্ট পেয়েছি। এতে বার্ড ফ্লুর সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে," বলেন তিনি।
এরপর খামারের সব মুরগি ও ডিম ধ্বংসের নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি।
কোহিনুর ইসলাম বলেন, শনিবার সকালে জেলা প্রশাসন, পুলিশ ও প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি দল ওই খামারে গিয়ে ২১ হাজার ৫৯০টি মুরগি ও ৮ হাজার ৪০০ ডিম মাটিতে পুঁতে ফেলে।
তিনি বলেন, "খামারটি তিন মাস পর্যবেক্ষণে রাখা হবে। আশপাশের এক মাইলের মধ্যে সব ধরনের মুরগি বেচাকেনা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।"
রাফিদ পোল্ট্রির ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তার খামারে প্রায় ১০ হাজার মুরগি মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৩১ ঘ.
bdnews24