মৌলভীবাজার, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আশরাফুল মুমিন এ আদেশ দেন।
দণ্ডিত জয়নাল আবেদীন (২২) উত্তর শাহবাজপুর ইউনিয়নের রাজপুর গ্রামের আবদুল জলিলের ছেলে।
বড়লেখা থানার ওসি মো. কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো জয়নাল। কিছুদিন আগে এক সালিশে জয়নাল অপরাধ স্বীকার করে মেয়েটিকে আর উত্ত্যক্ত করবে না বলে মুচলেকা দেয়।
ওসি জানান, শুক্রবার বিকালে ওই ছাত্রীকে রাস্তায় একা পেয়ে জয়নাল আবার উত্ত্যক্ত করে। এ সময় মেয়েটি করলে আশপাশের লোকজন এসে জয়নালকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জয়নালকে সাজা দেওয়া হয়। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭৪১ ঘ.
bdnews24