গাজীপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে একটি ব্যাগ তৈরির কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় পৌনে দুই ঘণ্টা অবরোধ করে রাখে।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় 'বাংলাদেশ মাস্টারপ্যাক' নামের ব্যাগ উৎপাদনকারী কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে। পরে সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠকে করিয়ে দেওয়ার পুলিশি আশ্বাসে পৌনে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধের সময় কারখানার সামনে থেকে মহাসড়কের দুই পাশে তিন কিলোমিটারের মতো দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর অভিরঞ্জন দেব জানান, ঈদ উপলক্ষে গত কয়েকদিন ধরে চলতি মাসের বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলো শ্রমিকরা।
বিক্ষোভরত শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ শুক্রবার চলতি মাসের বেতন দেওয়ার ঘোষণা দিয়েও তা রক্ষা করেনি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬৪৫ ঘ.
bdnews24