গোপালগঞ্জ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদর উপজেলায় একটি মসজিদে ইমামের বেতনকে কেন্দ্র করে দু'দলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
শুক্রবার খাটিয়াগড় দক্ষিণপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে রয়েছেন হাসিনা বেগম, ছবিনা বেগম, ঝুড়ি বেগম, নাছির ফকির, আকবর ফকির, ফজর ওরফে জহুর ফকির, শাকিল শেখ, সাজ্জাদ শেখ, রুমান ফকির, ওবায়েদ শেখ, বাচ্চু ফকির, মনির শেখ, ওসমান শেখ, জাকির শেখ, রুহুল শেখ, কাসেম শেখ, মন্নান সরদার, শফিক ফকির ও আহাদ শেখ।
এরমধ্যে ১২ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম পাটোয়ারী জানান, জুম্মার নামাজের আগে খাটিয়াগড় দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মো. আব্বাস শেখের বেতন নির্ধারনের জন্য মসজিদ কমিটির সভাপতি সালাম শেখসহ স্থানীয় কয়েকজন আলোচনা করেন।
আলোচনার পর রোজার মাসে নামাজ পড়ানো বাবদ ইমামের বেতন বাবদ ৪০ টাকার স্থলে ১২০ টাকা দিতে বলা হয় স্থানীয় মাসুদ মুন্সীকে।
মাসুদ মুন্সী এ টাকা দিতে অস্বীকৃতি জানালে পক্ষে ও বিপক্ষে দু'টি গ্রুপ হয়ে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
নামাজ শেষে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্য়ে জড়িয়ে পড়ে।
বিকালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৬ ঘ.
bdnews24