ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক নিয়ে সংসদ সদস্যদের অসন্তোষ শুনে স্পিকার আবদুল হামিদ এ দিকে নজর দিতে কোম্পানিটির প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতীয় সংসদে বৃহস্পতিবার পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সরকারদলীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ গ্রামীণফোনের নেটওয়ার্ক নিয়ে ভোগান্তির কথা তুলে ধরেন।
তিনি বলেন, "আমরা যারা গ্রামীণফোন ব্যবহার করি, আমরা ভুক্তভোগী। আমরা গ্রামীণফোনের টেলিফোনে কথা বলি, আর লাইন কেটে যায়। গ্রামীণফোনের নেটওয়ার্ক খুবই খারাপ। তারা পত্রিকায় বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছে। কিন্তু নেটওয়ার্ক ভালো হচ্ছে না।
"একবার কথা বলতে গেলে ৩/৪ বার লাইন কেটে যায়। আমাকেই তো ৩/৪টি কলের বিল দিতে হয়।"
এ অভিযোগ গ্রামীণফোনকে জানিয়েও কোনো ফল হয়নি দাবি করে সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল বলেন, "আমাকে অনেক সহকর্মী একই কথা বলেছেন। তারা আমাকে বলেছেন, আমি যেন বিষয়টি সংসদে উত্থাপন করি।"
তোফায়েলের বক্তব্যের পর স্পিকার বলেন, "গ্রামীণফোন কর্তৃপক্ষকে এ বিষয়ে সর্তক হতে এবং যথাযথ ব্যবস্থা নিতে দৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬০০ ঘ.
bdnews24