ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদকার্ড পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ ঈদ শুভেচ্ছা কার্ডটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খানের কাছে কার্র্ডটি পৌঁছে দেওয়া হয়েছে।
দুই নেত্রীর মধ্যে দীর্ঘদিন সরাসরি শুভেচ্ছা বিনিময় না হলেও ঈদ উৎসবসহ নববর্ষের আগে কার্ড বিনিময়ের ধারাবাহিকতা তারা রক্ষা করে চলেছেন।
খালেদা জিয়া বর্তমানে ওমরাহ পালনে সৌদি আরব রয়েছেন। আগামী ৩০ অগাস্ট তার দেশে ফেরার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24