২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের কেনাকাটায় আতর টুপি জায়নামাজও

রোজার ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। নতুন পোশাকের পাশাপাশি আতর, টুপি আর জায়নামাজ কেনারও ধুম পড়েছে ঈদের বাজারে। জানাচ্ছেন শহীদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 10:29 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। নতুন পোশাকের পাশাপাশি আতর, টুপি আর জায়নামাজ কেনারও ধুম পড়েছে ঈদের বাজারে। বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, গুলিস্তান, মিটফোর্ড সুগন্ধি বাজার, নিউ মার্কেট, চকবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকার বিক্রেতারা জানালেন ঈদ যতো এগিয়ে আসছে, তাদের বিক্রি-বাট্টা ততো বাড়ছে। ঈদ সামনে রেখে ট্রাফিক সিগন্যালে থামা গাড়িতে আর ফুটপাতেও মৌসুমি হকাররা বিক্রি করছেন আতর, টুপি আর নামাজ শিক্ষার বই। অলি-গলির ছোট দোকানগুলোতেও পাওয়া যাচ্ছে ঈদের এসব অনুষঙ্গ। আবার পাড়া-মহল্লায় মসজিদের সামনে মাদুর পেতে টুপি, মেসওয়াক ও সুগন্ধি বিক্রি করতে দেখা গেছে অনেককে। আতরের তোলা ২০ হাজার দাদার জন্য ভালো আতরের খোঁজে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে এসেছিলেন এনজিও কর্মকর্তা ফিরোজ কবীর। এক দোকানে সবচেয়ে ভালো মানের আতর চাইতেই সৌদি আরবের 'উদ' আতরের ছোট্ট শিশি হাতে তুলে দিলেন দোকানি। দাম হাঁকলেন এক তোলা বিশ হাজার। দোকানি নাজমুল হাসানের দাবি, উদই এবারের ঈদে আসা সবচেয়ে ভালো আতর। দাম শুনে প্রথমে ভড়কে গেলেও শেষ পর্যন্ত ১২ শ' টাকায় এক শিশি 'লর্ড' আতর কিনলেন ফিরোজ। দোকানির দাবি, লর্ডও সৌদি আরবেরই তৈরি। নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার বিদেশি আতরের চাহিদাই বেশি। বেচাবিক্রিও অন্যবারের চেয়ে ভালো।" বায়তুল মোকাররম মসজিদ মার্কেট থেকে আতর কিনেছেন কলেজ ছাত্র শরিফও। তিনি বলেন, "ঈদের দিন বিশেষ দিন। আর ইসলাম ধর্ম অনুযায়ী আতর ব্যবহার করা সুন্নত। এ কারণেই আতর কেনা।" রাজধানীর আতরের দোকানগুলো ঘুরে দেখা যায়, একশ মিলিলিটারের সুলতান ১৮ শ' থেকে ২ হাজার টাকা, আলফারেজ ২ হাজার, লর্ড ১২ শ', সিলভার ১৮ শ', ওপেন ১৫ শ', আলফে জহুর ২ হাজার, ব্ল্যাক এ্যাকসেস ১৫ শ', রোজ ১৭ শ', ডাহনাল উদ ৫ হাজার, ইস্কাদা কালেকশন ১৫ শ', ইগুবস ১৬ শ', বস ১৫ শ' এবং ম্যাডার রোজ ব্র্যান্ডের আতর ১৬ শ' টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি শিশি সৌদির রয়্যাল ম্যারেজ ৫০ টাকা, ওয়ান ম্যান শো ১২০, শপিজ ৬০০, সাফসাফা ২০০, দুবাইয়ের সুলতান ২২০, ভারতের কোবরা ২৫০, বোম্বে দরবার ৩০০, নূর ৩০০ এবং ইরানি গাউজ আতর ১২০ টাকা করে বিক্রি হচ্ছে। দেশীয় আতর পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০০ টাকার মধ্যে। এর মধ্যে দরবার-কাঁচাবেলী ২০ টাকা, মদিনা ৪০ এবং জান্নাতুল ফেরদাউস ২০ টাকায় পাওয়া যাচ্ছে। মিরপুর-১ নম্বর সেক্টরে ফুটপাতের আতর বিক্রেতা শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের তুলনায় এবার আতরের বিক্রি বেশি। দাম কম হওয়ায় অনেক ক্রেতাই দেশি আতর 'শাহী দরবার' কিনছেন। দেশি শাহী দরবার আতর ৪৫ থেকে ৫০ টাকা, রজনীগন্ধা ৪০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানালেন। টুপির নাম আসিফ জারদারি দেশি টুপির পাশাপাশি বাহারি নকশা আর আকৃতির বিদেশি টুপিও পাওয়া যাচ্ছে দোকানে। নকশার সঙ্গে মিল রেখে এসব টুপির চমকপ্রদ সব নাম দিয়েছেন বিক্রেতারা। দোকান ঘুরে দেখা গেল চীনা টুপি ১৫০ থেকে ২০০ টাকা, পাকিস্তানি টুপি ১৫০ থেকে ৬০০, ভারতীয় টুপি ২০ থেকে ৬০০ এবং দেশে তৈরি টুপি ১০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি টুপির মধ্যে 'আসিফ জারদারি' বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। চিনের ওয়ানি ৫৫০ টাকা, ভারতের গুজরাটি ২৫০ থেকে ৩০০, সিডনি ৪০০, পাঠান ৪৫০ এবং ছোট পুতির সঙ্গে সোনালি সুতোর কাজ করা প্রতিটি টুপি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৮০০ টাকায়। এছাড়া নেটের তৈরি চীনা টুপি ১৫০ টাকা এবং তুর্কি টুপি ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি করছেন দোকানীরা। বায়তুল মোকররম মসজিদ মার্কেটের টুপি বিক্রেতা মো. সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজার শুরু থেকেই টুপির বিক্রি ভালো। "এই সময়টায় ভালো লাভ হয়। এ কারণে আমরা সারা বছর রোজার জন্য অপেক্ষা করি," বলেন সোহাগ। জায়নামাজে বাহারি নকশা ঈদের সকালে নামাজে যাওয়ার অন্যতম অনুষঙ্গ জায়নামাজ। এসব জায়নামাজেও যুক্ত হয়েছে নকশা আর কারুকাজ। বিক্রেতারা বলছেন, বাজারে যেসব জায়নামাজ পাওয়া যায়, তার বেশিরভাগই বিদেশে তৈরি। এবার পাকিস্তানে তৈরি কোকার জায়নামাজ ৪৫০ থেকে ৫০০ টাকা, শাহীন ৫০০ থেকে ৬৫০, ন্যাশনাল ৪৫০ থেকে ৬০০, তুরস্কের আইরিন ৫০০ থেকে ৬০০, কাটারে নেওয়াজ ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশে তৈরি গ্যাভার্ডিন কাপড়ের জায়নামাজগুলো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। জরির কাজ করা তুরস্কের আইরিন জায়নামাজ ৭০০ থেকে ৯০০ টাকা এবং সিরিয়ার জায়নামাজের জন্য ৩ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকছেন দোকানীরা। এছাড়া একসঙ্গে তিনজন নামাজ পড়া যায়, তুরস্কের তৈরি এমন আকৃতির জায়নামাজের দাম চাওয়া হচ্ছে ৫ হাজার টাকা। কুষ্টিয়ার তৈরি জায়নামাজগুলো ১০০ থেকে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে বলে জানালেন জায়নামাজ বিক্রেতা মো. ইয়াছিন। তবে বিদেশি জায়নামাজই বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন তিনি। কাঠ-পাথরের তসবি প্লাস্টিকের পাশাপাশি কাঠ ও পাথরের তৈরি বিভিন্ন ধরনের তসবি পাওয়া যাচ্ছে দোকানগুলোতে। আকার ও উপাদানভেদে দামেও পার্থক্য রয়েছে। রাজধানীর বিভিন্ন মার্কেটে আকিক পাথরের তৈরি তসবি ৪০০ থেকে ১২ শ' টাকা, জমরুদ ৩০০ থেকে ৬০০, সোলেমানি পাথরের তসবি ৩০ থেকে ১৫০, ক্রিস্টালের তসবি ৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঠের তৈরি তসবি ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানালেন দোকানিরা। ঈদের আরেক অনুষঙ্গ সৌদি আরবের সুরমা প্রতি তোলা বিক্রি হচ্ছে ৫০ টাকা দামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/জেকে/১৬২০ ঘ.