গাজীপুর, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভিজিডি'র গম বিক্রির অভিযোগে গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মিজানুর রহমান দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
বুধবার বিকালে তাকে পুলিশে সোপর্দ করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোজ কুমার নাথ।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন হাসান জানান, বুধবার ছিল দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ভিজিডির গম বিতরণের নির্ধারিত দিন। এলাকার অতি দরিদ্র লোকজন ইউনিয়ন পরিষদে এসে জমায়েত হন। ওই সময় বিতরণ কাজ তদারকির জন্য যান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার।
ওখানে উপস্থিত এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গম বিতরণের আগে মজুদ বস্তা গণনা করেন। এতে চার বস্তা গম কম পাওয়া যায়।
কারণ হিসেবে ইউপি সদস্য মিজানুর রহমান জানান, গম আনানেওয়ার খরচের জন্য তিনি চার বস্তা গম বিক্রি করেছেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ওই সদস্যের বিচারের দাবিতে রাণীগঞ্জ বাজারে মিছিল করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোজ কুমার নাথ বলেন, ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদে গম বিক্রির সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৭ ঘ.
bdnews24