২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু কুষ্টিয়ায়

সড়ক মেরামতের দাবিতে কুষ্টিয়ায় শ্রমিকদের ডাকা যানবাহন ধর্মঘট প্রত্যাহার হওয়ায় সোমবার দুপুরের পর থেকে বাসসহ সব ধরনের গাড়ি চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 05:36 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

কুষ্টিয়া, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক মেরামতের দাবিতে কুষ্টিয়ায় শ্রমিকদের ডাকা যানবাহন ধর্মঘট প্রত্যাহার হওয়ায় সোমবার দুপুরের পর থেকে বাসসহ সব ধরনের গাড়ি চলাচল শুরু হয়েছে। ধর্মঘটের কারণে সকাল থেকে কুষ্টিয়ার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ ছিলো। দুপুরে জেলা সার্কিট হাউজে জেলা প্রশাসনের সঙ্গে যানবাহন মালিক ও শ্রমিকদের এক সভার পর সমঝোতার কথা জানান জেলা প্রশাসক বনমালী ভৌমিক। তিনি বলেন, বৈঠকে অবিলম্বে সড়ক মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে। এ আশ্বাসের ভিত্তিতেই যানবাহন মালিক ও শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। ঝুঁকিপূর্ণ সড়ক মেরামতের দাবিতে বাস শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিলো। কুষ্টিয়া জেলা ট্রাক ও ট্রাংকলরী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে সড়ক সংস্কার ও সড়কগুলোকে আরো প্রশস্ত করার আশ্বাসের কারণে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি বলেন, "যাত্রী সাধারণের কষ্ট হচ্ছে ঠিক, কিন্তু ভাঙাচোরা সড়কের কারণে তাদের জীবনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই কারণেই ধর্মঘট ডাকা হয়েছিলো। ধীরে ধীরে এখন সব গাড়ি নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে।" ধর্মঘটের কারণে সকাল থেকে কুষ্টিয়ার অভ্যন্তরীণ রুটের বাস চলাচলও বন্ধ ছিলো। জেলার প্রবেশ পথগুলোতে শ্রমিকরা অবস্থান নেওয়ায় বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই ট্রাকগুলোও সকালে মহাসড়কে আটকে পড়ে। তবে দুপুরে সেগুলো গন্তব্যে ছেড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/সিএস/এমআই/১৪৫০ ঘ.