সিলেট, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিয়ানীবাজারে কামরুল ইসলাম (১৮) নামে এক তরুণ খুন হয়েছে। নিহতের পরিবার বলছে, পারিবারিক কলহের জের ধরে চাচা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
রোববার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের কসবা ফেরাই গোষ্ঠী এলাকায় এ ঘটনা ঘটে। কামরুলের বাবার নাম আবুল কালাম।
আবুল কালাম সাংবাদিকদের জানান, বাড়ির উঠোনে নির্মাণ সামগ্রী রাখা নিয়ে চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী মইজ উদ্দিনের সঙ্গে তাদের বিরোধ চলছিলো।
"এর জের ধরে দুপুরে মইজ উদ্দিন ঘর থেকে কামরুলকে ডেকে নিয়ে আমাদের সামনে রামদা দিয়ে কামরুলের ঘাড়ে কোপ দেয়।"
আশঙ্কাজনক অবস্থায় কামরুলকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কামরুল গত বছর বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসা থেকে আলীম পাশ করে।
বিয়ানীবাজার থানার ওসি এ কে এম ফজলুল হক শিবলী জানান, লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮১৩ ঘ.
bdnews24