২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরদৌসীর আত্মহত্যা: ২ সালিশকারী রিমান্ডে

হবিগঞ্জের মাধবপুরে সালিশকারী দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ, যাদের সিদ্ধান্তে সমাজচ্যুত হওয়ার পর ট্রেনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন ফেরদৌসী বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

হবিগঞ্জ, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুরে সালিশকারী দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ, যাদের সিদ্ধান্তে সমাজচ্যুত হওয়ার পর ট্রেনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন ফেরদৌসী বেগম। সুলতানপুর গ্রামের মাতব্বর করিম খাঁ (৩২) ও আমজত খাঁকে (৩২) হেফাজতে (রিমান্ডে) নিতে পুলিশের সাত দিনের আবেদনে রোববার হবিগঞ্জের বিচারিক হাকিম সাইয়েদ মাহবুবুল ইসলাম দুই দিন মঞ্জুর করেন। হবিগঞ্জ আদালত পরিদর্শক জীবন কৃষ্ণ দে সাংবাদিকদের জানান, ফেরদৌসীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে মঙ্গলবার মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন বাদি হয়ে ১২ জনকে আসামি করে যে মামলা করেন, এ দুজন তার আসামি। দুজনকে বুধবার গ্রেপ্তার করা হয়। গত রোববার গ্রাম্য সালিশে সমাজচ্যুত হওয়ায় পর সোমবার সকালে চার সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন সুলতানপুর গ্রামের দুবাই প্রবাসী জিলন মিয়ার স্ত্রী ফেরদৌসী। এতে ফেরদৌসী, মেয়ে বন্যা (৮), ছেলে জীবন (১২) মারা যান। আহত হয় দুই মেয়ে শাওন (১০) ও ঝর্ণা (৪)। হবিগঞ্জের এ ঘটনার ব্যাখ্যা চেয়েছে উচ্চ আদালতও। তলব করা হয়েছে তিন পুলিশ সদস্যসহ নয় জনকে, এর মধ্যে গ্রেপ্তার করিমও রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭২৫ ঘ.