২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বড়' সম্মেলনে 'অল্পস্বল্প' আশ্বাস

বিভাগীয় সম্মেলন করে তিন মন্ত্রীর উপস্থিতিতে ২৫ দফা দাবি তুলে ধরলেও কিছু বিষয়ে 'আশ্বাস' ছাড়া তেমন কোনো নিশ্চয়তা পাননি রাজশাহীর ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 07:05 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

রাজশাহী, অগাস্ট ১৯ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভাগীয় সম্মেলন করে তিন মন্ত্রীর উপস্থিতিতে ২৫ দফা দাবি তুলে ধরলেও কিছু বিষয়ে 'আশ্বাস' ছাড়া তেমন কোনো নিশ্চয়তা পাননি রাজশাহীর ব্যবসায়ীরা। শুক্রবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে জেলা শিল্প বণিক সমিতির আয়োজনে এই বিভাগীয় সম্মেলন হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি এবং শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও এফবিসিসিআই সভাপতি একে আজাদ বিশেষ অতিথি হিসেবে এ সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতেই রাজশাহীর উন্নয়নে ২৫ দফা দাবি তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি রাজশাহী শিল্প বণিক সমিতির প্রশাসক জিয়াউল হক। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো- রাজশাহী মেডিক্যাল কলেজকে শহীদ এএইচএম কামারুজ্জামান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ঘোষণা, বন্ধ রেশম কারখানা চালু, বড় বিমানবন্দর প্রতিষ্ঠা, রাজশাহী টেক্সটাইল মিল চালু, রেলওয়ে সংযোগ উন্নত করা, টেস্ট ক্রিকেট ভেন্যু, পদ্মা নদীর ড্রেজিং, রহনপুর ও সোনামসজিদকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর। মেয়র খায়রুজ্জামান লিটন রাজশাহীকে 'অবহেলিত' উল্লেখ করে এ ব্যাপারে মন্ত্রীর ঘোষণা প্রত্যাশা করেন। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, রাজশাহীর রেলওয়ে সংযোগ ভালো করতে সময় লাগবে। রাজশাহী-ঢাকা রুটে তিনটি ট্রেন চলছে, আরো একটি চলবে। এছাড়া রহনপুর ও সোনামসজিদকে পূর্ণাঙ্গ স্থলবন্দরের বিষয়টি তিনি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, দেশে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আছে, আরো করা হবে। তবে রাজশাহীতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে তিনি কিছু বলেননি। ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে উল্লেক করে অর্থমন্ত্রী বলেন, মাস দুয়েকের মধ্যে গ্যাসের ব্যবস্থা হবে। তবে সংযোগের সঙ্গে সঙ্গেই গ্যাস পাওয়া যাবে না। যোগান সাপেক্ষে পাওয়া যাবে। টেস্ট ক্রিকেট ভেন্যু প্রসঙ্গে তিনি বলেন, এ জন্য হোটেল দরকার। রাজশাহীতে তা নেই। পদ্মার ড্রেজিংয়ের ব্যাপারেও তিনি আর্থিক সমস্যার কথা বলেন। বাকি দাবিগুলোর ব্যাপারে মুহিত বলেন, এর সঙ্গে ১৫টি মন্ত্রণালয় জড়িত রয়েছে। এগুলো মন্ত্রণালয়ে উত্থাপন করা হবে। সরকার এ ব্যাপারে সচেতন। ২০১০ সালের শিল্পনীতির আলোকে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বলেন, সরকার কলকারখানা করবে না। লজিস্টিক সাপোর্ট দেবে। ভবিষ্যতে বিসিক সম্প্রসারণ করা হবে। রাজশাহীতে দুইটি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফবিসিসিআই সহ-সভাপতি জসীম উদ্দিন, মোস্তফা আজাদ চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন, রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলম, বিজিএমইএ সভাপতি শফিউল ইসলামসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০৫৯ ঘ.