২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় জেলেদের সঙ্গে সংঘাতে কোস্টগার্ড

বরগুনার পাথরঘাটায় মাছ ধরা নিয়ে জেলেদের সঙ্গে সংঘর্ষ হয়েছে উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ডের। এতে আহত হয়েছে অর্ধশত। কোস্টগার্ড গুলিও ছুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

বরগুনা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটায় মাছ ধরা নিয়ে জেলেদের সঙ্গে সংঘর্ষ হয়েছে উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ডের। এতে আহত হয়েছে অর্ধশত। কোস্টগার্ড গুলিও ছুড়েছে। ঘোপজাল ও বেড়াজাল কোস্টগার্ড আটক করলে শুক্রবার সকালে পদ্মা গ্রামে এ সংঘাত বাঁধে। এতে চার জন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয়রা জানায়। কোস্টগার্ড বলছে, তাদের বাহিনীর নয় জন জেলেদের হামলায় আহত হয়। আর অনন্যোপায় হয়ে তারা গুলি ছুড়েছে। আহত কমলা বেগম সাংবাদিকদের জানান, 'মাসোয়ারা' না দেওয়ায় সকালে পেটি অফিসার বকুল হোসেনের নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা জেলেদের ঘোপ ও বেড়া জাল তুলে নিয়ে যায়। মাছ না ধরার শর্তে জাল ফেরত চাইলে কোস্টগার্ড সদস্যরা জেলেদের চড়-থাপ্পর মারে। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় জেলেরাসহ এলাকার লোকজন একত্রিত হয়ে কোস্টগার্ড সদস্যদের ঘেরাও করে মারধর শুরু করে। কোস্টগার্ড সদস্যরা পালিয়ে তাদের ক্যাম্পে ঢুকে পড়লে সেখানেও হামলা চালায় জনতা। তখন কোস্টগার্ড সদস্যরা গুলি ছোড়ে। পেটি অফিসার বকুল সাংবাদিকদের বলেন, "আত্মরক্ষার্থে আমরা গুলি ছুড়তে বাধ্য হয়েছি।" ৪৮ রাউন্ড ফাঁকা এবং জেলেদের লক্ষ্য করে ৬৯ রাউন্ড গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন তিনি। পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশিদ বলেন, ঘোপ ও বেড়া জাল দিয়ে মাছ ধরতে নিষেধ করা হলেও জেলেরা তা করে আসছিলো। তাই শুক্রবার সকালে জাল তুলে নেওয়া হয়। "তখন জেলেরা কোস্টগার্ড সদস্যদের মারধর শুরু করে। ক্যাম্পে এসে আশ্রয় নেওয়ার পরও হামলা চালানো হয়", বলেন তিনি। গুলি ছোড়ার পক্ষে যুক্তি তুলে ধরে হারুন বলেন, "গুলি না ছুড়লে কোস্টগার্ড সদস্যদের মেরে ফেলা হতো।" তবে মাসোয়ারা চাওয়ার যে অভিযোগ গ্রামবাসী তুলেছে, তা প্রত্যাখ্যান করেন তিনি। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। পাথরঘাটা থানার ওসি উজ্জ্বল কুমার দে সাংবাদিকদের বলেন, কোস্টগার্ডের ক্যাম্পসহ ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নদীতে অবৈধ জাল আটকের পর তীরে ফিরলে উপকূল রক্ষীদের ওপর দুষ্কৃতকারীরা হামলা চালায়। "দুষ্কৃতকারীরা সংঘবদ্ধ হয়ে ইট-পাটকেল নিক্ষেপ এবং দা-কুড়াল নিয়ে কোস্টগার্ডের সদস্যদের চারদিক থেকে আক্রমণ করে। এতে কোস্টগার্ডের নয় জন সদস্য আহত হয়। এর এক পর্যায়ে কোস্টগার্ড সদস্যরা আত§রক্ষার্থে গুলিবর্ষণ করলে তিন জন গুলিবিদ্ধ হয়", বলা হয় বিজ্ঞপ্তিতে। জেলেরা জানান, সংঘর্ষের পর তাদের ৪০ মিটার জাল পুড়িয়ে দিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড তাদের লাঠিপেটাও করে বলে আহত জালাল, মজনু, জুয়েল, বীরেন, আবুল ও ফারুক জানান। আহত জেলে ও গ্রামবাসীর মধ্যে চার জন গুলিবিদ্ধ হয়েছে, তারা হলেন- পদ্মা গ্রামের আয়নাল খানের ছেলে শাহ জাহান খা (৩৫), আবু হানিফার ছেলে অলিউল ইসলাম অলিল (২৫), জাহাঙ্গীর হোসেনের স্ত্রী কমলা বেগম (৩০) এবং পাশের গ্রাম সাপলেজার আবুল হাসেম হাওলাদারের ছেলে শাহ আলম (৪০)। শাহ জাহান, অলিউল ও শাহ আলমকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কমলা বেগম, জালাল, মজনু, জুয়েল, বীরেন, আবুল ও ফারুককে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। জেলেরা জানায়, সংঘর্ষের পর থেকে পদ্মা গ্রামের আবদুর রশিদের স্ত্রী কৌতুরী বেগম (৩৫), আবদুল লতিফের ছেলে মানিক (৮) এবং সাপলেজা গ্রামের মাসুম (২৫) নিখোঁজ। আহত কোস্টগার্ড সদস্যরা হলেন- বকুল হোসেন, ইসাহাক, রাকিব, দিপক, ফারুক, সুমন, খায়রুল, আল-আমিন ও আফতাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৪ ঘ.