২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম ওয়েজ বোর্ড চালুর উদ্যোগ শিগগির: তথ্যমন্ত্রী

সংবাদপত্রে কর্মরতদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড চালুর ব্যাপারে খুব শিগগির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 05:15 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্রে কর্মরতদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড চালুর ব্যাপারে খুব শিগগির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য সাধনা হালদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, অষ্টম ওয়েজ বোর্ড প্রসঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের আলোচনা হয়েছে। "সংবাদপত্রের জন্য ১৯৭৪ সালে একটি আইন ছিল। পরবর্তীতে জোট সরকারের আমলে তা পরিবর্তন করে শ্রমিক আইনে এটি অন্তর্ভুক্ত করা হয়। এখন গণমাধ্যম চাইলে পুরানো আইনটি আবার কার্যকর করা যেতে পারে। তাতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে।" তবে প্রচলিত ব্যবস্থায় চাইলে অতি দ্রুত অষ্টম ওয়েজবোর্ড চালুর জন্য যা যা করা দরকার সরকার তা করবে বলে জানান আবুল কালাম। 'ভারতে চ্যানেল স¤প্রচারের ব্যবস্থা বিবেচনাধীন' ভারতের প্রতিটি রাজ্যে বাংলাদেশের টিভি চ্যানেল স¤প্রচারের ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের চ্যানেলগুলোর মতো বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতের প্রতিটি রাজ্যে স¤প্রচারের ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনাধীন আছে। জামায়াতের সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদের লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, কিছু সংবাদপত্র দায়বদ্ধতার বাইরে কোনো কোনো ক্ষেত্রে নেতিবাচক ও অপ্রাসঙ্গিক সংবাদ পরিবেশন করে রাষ্ট্র, ব্যক্তি, প্রতিষ্ঠানকে হেয় করে, যা গণমাধ্যম প্রচার নীতিমালা পরিপন্থী। গণমাধ্যমের দায়বদ্ধতার বিষয়টি সরাসরি গণমাধ্যমের সম্পাদকদের ওপর বর্তায় উল্লেখ করে তিনি জানান, সাংবাদিকদের উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ রোধে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন ১৯৭৩, বাংলাদেশ প্রেস কাউন্সিল অ্যাক্ট-১৯৭৪, অ্যাক্রিডিটেশন সংক্রান্ত নীতিমালা ২০০৩ সংবাদপত্র, সংবাদ সংস্থা ও সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণ বিধি-১৯৯৩ (২০০২ সংশোধিত) রয়েছে। এসব আচরণবিধি লঙ্ঘন করলে বাংলাদেশ প্রেস কাউন্সিলে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়ার বিধান আছে। এছাড়া দেশের প্রচলিত আইনের মাধ্যমেও প্রতিকারের সুযোগ রয়েছে বলে জানান তিনি। সকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের দশম অধিবেশন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২৩২৫ ঘ.