ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও পানি সরবরাহ নিয়ে বিভিন্ন রকম 'খেলা' চলছে উল্লেখ করে এ খাতে কেউ যেন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড না করতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাসিনা বলেন, "পানির সমস্যা থাকার কথা নয়। যেখানে পানির পাম্প আছে, সেখানে বিদ্যুতের জন্য জেনারেটর বসানো হয়েছে। অনেক জায়গায় মোবাইল জেনারেটর দেওয়া হয়েছে। কিন্তু, সময় মতো পানি ছাড়া হয় না। আবার, সেহেরি ও ইফতারের সময় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়।"
বিরাজমান সমস্যা সমাধানে সরকারের ঐকান্তিক চেষ্টা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "সমস্যাগুলো উত্তরাধিকার সূত্রে পাওয়া। তবে, এজন্য অর্থের সংস্থান- একটা বড় বিষয়।"
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে বিদ্যুৎ উৎপাদন এবং রাস্তাঘাটের সংস্কার করেনি বলেও প্রধানমন্ত্রী অভিযোগ করেন।
'এখন বাংলাদেশ অসা¤প্রদায়িক'
পঞ্চদশ সংবিধান সংশোধনী প্রসঙ্গে হাসিনা বলেন, "এখন বাংলাদেশ হবে অসম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ।"
তিনি বলেন, "সংবিধান থেকে সব জঞ্জাল ছুড়ে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করা হয়েছে।"
গত ৩০ জুন পাস হওয়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৯৭২ সালের চার মূলনীতি ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র সংবিধানে ফেরত এসেছে।
১৯৭৫ এর পর ১৯টি সামরিক অভ্যুত্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "৭৫ এর পর রাজনীতির অশুভ ধারা শুরু হয়। সেনাবাহিনীর হাজার হাজার অফিসার ও সৈনিককে হত্যা করা হয়।"
১৯৭৭ সালে বিনাবিচারে বিমানবাহিনীর ৫৭৭ জন সদস্যকে হত্যার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার একটা চক্রান্ত চালানো হয়েছিলো।
১৫ অগাস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, "তিনি (খালেদা জিয়া) কেক কেটে উৎসব করে জাতির পিতার খুনীদের সাথে একাত্মতা ঘোষণা করছেন। তার স্বামী এই খুনীদের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন।"
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনাসদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে সপরিবারে হত্যা করে।
হাসিনা বলেন, "৭৫ এর পর আমাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে দেয়নি জিয়াউর রহমান। আমি রাস্তায় বসে মিলাদ পড়েছি।"
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/পিডি/১৮৫২ ঘ.
bdnews24