২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালক জামির তিন দিনের রিমান্ডে

মানিকগঞ্জে দুর্ঘটনায় গ্রেপ্তার বাসচালক জামির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

মানিকগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে দুর্ঘটনায় গ্রেপ্তার বাসচালক জামির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। জামিরকে জিজ্ঞাসাবাদে পুলিশের ১০ দিনের হেফাজত আবেদনে (রিমান্ড) মঙ্গলবার মানিকগঞ্জ বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তিন দিন মঞ্জুর করেন। এ সময় আসামির জামিন আবেদন নাকচ করেন তিনি। গত শনিবার মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে জামিরের চুয়াডাঙ্গা ডিলাক্স বাসের সঙ্গে সংঘর্ষে চুরমার হয়ে যায় একটি মাইক্রোবাস। নিহত হন মাইক্রোবাস আরোহী চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীরসহ পাঁচ জন। মারা যান মাইক্রোবাসচালকও। ঘটনার পরই বাসের চালক জামির পালিয়ে যান। ওইদিনই ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান বাদি হয়ে বাসচালকের বিরুদ্ধে মামলা করেন। চুয়াডাঙ্গার সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের জমিরকে সোমবার ভোররাতে মেহেরপুরের গাংনী উপজেলায় তার এক বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকায় নিয়ে এসে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জামির জানান, দুর্ঘটনায় তার কোনো দোষ ছিলো না, ত্র"টি ছিলো মাইক্রোবাসের চালকের। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল সালাম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাধব সাহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৬৪৪ ঘ.

এ সম্পর্কিত আরো খবর