২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে নির্দোষ মনে করেন চালক জামির

মানিকগঞ্জে দুর্ঘটনার জন্য বাসচালককে দায়ী করে পুলিশ মামলা করলেও গ্রেপ্তার চালক জামির হোসেন দাবি করেছেন, এক্ষেত্রে তার কোনো দোষ ছিলো না, ত্র"টি ছিলো মাইক্রোবাসের চালকের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 08:53 AM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে দুর্ঘটনার জন্য বাসচালককে দায়ী করে পুলিশ মামলা করলেও গ্রেপ্তার চালক জামির হোসেন দাবি করেছেন, এক্ষেত্রে তার কোনো দোষ ছিলো না, ত্র"টি ছিলো মাইক্রোবাসের চালকের।

শনিবার মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে জামিরের চুয়াডাঙ্গা ডিলাক্স বাসের সঙ্গে সংঘর্ষে চুরমার হয়ে যায় একটি মাইক্রোবাস। নিহত হন মাইক্রোবাস আরোহী চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশফাক মুনীরসহ পাঁচ জন। মারা যান মাইক্রোবাসচালকও।

চুয়াডাঙ্গার সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের জমিরকে সোমবার ভোররাতে মেহেরপুরের গাংনী উপজেলায় তার এক বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে আসা হয় ঢাকায়।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে জামির সাংবাদিকদের বলেন, মাইক্রোবাসটি লেন ছেড়ে বিপরীত দিকের গাড়ির লেনে ঢুকে পড়ে। সংঘর্ষ এড়াতে বাস বাঁ দিকে সরিয়েও দুর্ঘটনা এড়াতে পারেননি তিনি।

"বৃষ্টির কারণে আমার গাড়ির গতি খুব অল্প ছিলো। দেখি সামনের দিক দিয়ে মাইক্রোবাসটি নিজের লেন ছেড়ে আমার লেনে ঢুকে দ্রুতগতিতে এগিয়ে আসছে। হর্ন চেপে ধরে বাসটিকে বাঁদিকে চাপাতে থাকি। এতে বাসটি রাস্তার পাশে তিনটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপরেও মাইক্রোবাসটি বাসের সঙ্গে লেগে যায়", বলেন জামির।

এক প্রশ্নের জবাবে জামির বলেন, তার বাসের গতি কম ছিলো এবং তিনি ঠিকমতো চালাচ্ছিলেন বলেই বাসযাত্রীদের কিছু হয়নি।

"আমি ঠিক না বললে বাসের যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে কথা বলুন। দেখেন আমি দোষ করেছি কিনা", বলেন জামির।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করেছে সড়ক বিভাগ। মামলার তদন্তকারী মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল চুয়াডাঙ্গায়ও গেছে। সোমবার চুয়াডাঙ্গা ডিলাক্সের কর্মকর্তা ও যাত্রীদের কয়েকজনের সঙ্গেও তারা কথা বলে।

জামির মনে করেন, মাইক্রোবাসচালক আনমনা ছিলেন বা বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।

তিনি বলেন, "প্রায় ২০ বছর ধরে গাড়ি চালাচ্ছি। মানুষ মারা যাওয়ার মতো কোনো দুর্ঘটনা ঘটেনি।"

রাস্তার বাঁকের সময় গাড়ি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে প্রশ্ন করা হলে জামির জানান, "দুর্ঘটনাস্থল থেকে বাঁক অনেক দূর। এ দুর্ঘটনা বাঁকের কারণে হয়নি।"

দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, "যে কোনো দুর্ঘটনার পর সাধারণ মানুষ মারমুখী থাকে। এজন্যই পালিয়ে গিয়েছিলাম।"

তবে মামলার খবর শুনে সোমবার আদালতে আত্মসমর্পণের কথা ভাবছিলেন বলে জানান জামির। দুর্র্ঘটনায় কারা মারা গেছেন তা না জানার কথাও জানান তিনি।

ঢাকায় সংবাদ সম্মেলন শেষে জামির হোসেনকে সোমবার রাতেই মানিকগঞ্জ ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

মানিকগঞ্জ ডিবির ওসি আশরাফ-উল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে জামিরকে বিচারিক আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

এদিকে দুর্ঘটনার কারণ তদন্তে মানিকগঞ্জ ডিবি পুলিশের ৫ সদস্যের একটি দল সোমবার চুয়াডাঙ্গায় যান।

তদন্ত দলের সদস্য মানিকগঞ্জ ডিবি পুলিশের এস আই আবু মোহাম্মদ হুসাইন জানান, সোমবার সারাদিন তারা পরিবহন খাত সংশি