মৌলভীবাজার, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ততার দায়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক তরুণকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার ভ্রাম্যমাণ আদালতের বিচারক কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান চৌধুরী এ আদেশ দেন।
দণ্ডিত সফিকুল ইসলাম সফিক (২২) উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মীরশংকর গ্রামের আবদুল কালামের ছেলে।
কুলাউড়া থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে একই গ্রামের এক কিশোরীকে রাস্তায় একা পেয়ে উত্ত্যক্ত করে সফিক। এ সময় ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সফিককে আটক করে পুলিশে দেয়।
পরে ইউএনও'র কার্যালয়ে আদালত বসিয়ে সফিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সফিকুলকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭৪০ ঘ.
bdnews24