২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক ঠিকঠাকই দেখছেন যোগাযোগমন্ত্রী

মেরামতের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৩ রুটে গাড়ি চলাচল বন্ধ থাকলেও ওই পথে চলাচল অনুপযোগী কোনো রাস্তাই দেখছেন না যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেরামতের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৩ রুটে গাড়ি চলাচল বন্ধ থাকলেও ওই পথে চলাচল অনুপযোগী কোনো রাস্তাই দেখছেন না যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "প্রতিদিন এ রুটে বিআরটিসি বাস চলাচল করছে। রাস্তা চলাচল অনুপযোগী হলে এ বাসগুলো চলাচল করতে পারতো না।" ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক মেরামতের দাবিতে গত কয়েকদিন ধরে ১২টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। মহাসড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতা ও গর্ত সৃষ্টি হওয়ায় 'চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত' মহাখালী বাস টার্মিনাল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় তারা। রোববার থেকে ঢাকা-টাঙ্গাইল রুটেও গাড়ি চলাচল বন্ধ করেছে বাস মালিকরা। যোগাযোগমন্ত্রী বলেন, "যে সব রুটে বেসরকারি বাস চলাচল করতে চাচ্ছে না, সে সব রুটে অতিরিক্ত বিআরটিসি বাস চালু রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনায় ঢাকা-ময়মনসিংহ রুটে অতিরিক্ত ছয়টি বিআরটিসি বাস চালু রাখা হয়েছে। এর পাশাপাশি এ রুটে অতিরিক্ত ট্রেন সংযোজন করা হয়েছে।" প্রয়োজনে ঢাকা-টাঙ্গাইল রুটেও অতিরিক্ত বিআরটিসি বাস চালু করা হবে বলে জানান তিনি। সারা দেশে রাস্তাগুলোর নাজুক অবস্থার উন্নতি কবে নাগাদ হবে- জানতে চাইলে আবুল হোসেন বলেন, "মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক হবে। বৈঠকে সিদ্ধান্ত হবে কত দ্রুততার সঙ্গে রাস্তাঘাট মেরামত করা যায়।" বিগত বিএনপি-জামায়াত জোট ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাস্তা-ঘাটের সংস্কার হয়নি বলে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি। বর্তমান সরকার আমলেও সংস্কার হয়নি কেন- জানতে চাওয়া হলে যোগাযোগমন্ত্রী বলেন, "মেরামত ও সংস্কারের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ প্রয়োজন বিগত অর্থবছরে সে পরিমাণ বরাদ্দ পাওয়া যায় না।" বিদ্যুৎ, কৃষি, খাদ্য খাত বেশি বরাদ্দ পাচ্ছে বলেই মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/এমআই/১৬৪০ ঘ.