সিলেট, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিবি'র এক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে ভারতীয় খাসিয়াদের নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নেবে বলেছে বিএসএফ।
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থকে এ কথা জানানো হয়।
সকাল ১২টায় বিছনাকান্দি সীমান্ত এলাকায় এ বৈঠক হয়। বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন বিজিব ৫ ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শফিউল আজম ও বিএসএফ ১০৮ ব্যটালিয়নের কমান্ডেন্ট হরিলাল।
বৈঠক শেষে শফিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "খাসিয়াদের নিয়ন্ত্রণে রাখতে বিএসএফ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।"
"যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সীমান্ত এলাকায় উভয় বাহিনীর টহল জোরদারের ও বিষয়ে আলোচনা হয়েছে।"
শুক্রবার ভোরে বিছনাকান্দি পাথর কোয়ারী এলাকার বগাইনদীতে নৌকাযোগে পাথর উত্তোলনের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হন বিছনাকান্দি গ্রামের নছির উদ্দিন ছেলে কামাল উদ্দিন জহুর (৩২) ও ইরফান আলীর ছেলে কামাল আহমদ (৩০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/পিডি/০০৩০ ঘ.
bdnews24