২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবিতায় আজাদকে স্মরণ

লেখক ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক হুমাযুন আজাদের লেখা কবিতা পাঠের মধ্য দিয়ে সপ্তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করেছে চট্টগ্রামের আবৃত্তি সংগঠন প্রমার সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 07:40 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেখক ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক হুমাযুন আজাদের লেখা কবিতা পাঠের মধ্য দিয়ে সপ্তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করেছে চট্টগ্রামের আবৃত্তি সংগঠন প্রমার সদস্যরা। শুক্রবার রাত ৮টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'সব কিছু নষ্টদের অধিকারে যাবে' কবিতা সংকলন মঞ্চায়নের মধ্য দিয়ে এ লেখকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রমার সভাপতি রাশেদ হাসানের নির্দেশনায় এ প্রযোজনায় 'সব কিছু নষ্টদের অধিকারে যাবে', 'আমি জন্মে ছিলাম অন্যদের সময়ে', স্বপ্ন, বিশ্বাসসহ ২২টি কবিতা পাঠ করেন প্রমার আবৃত্তি শিল্পীরা। সংগঠনের সভাপতি রাশেদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, হুমায়ুন আজাদের মৃত্যুর পর থেকে প্রতি বছর প্রমা এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমি ও টিএসসির মাঝপথে আজাদের ওপর হামলা হয়। সে হামলার ক্ষত থেকে সেরে ওঠার পর গবেষণার উদ্দেশ্যে জার্মানি যান আজাদ। সেখানেই ২০০৪ সালের ১২ অগাস্ট 'রহস্যজনক' মৃত্যু হয় এ লেখকের। ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়খালে জন্মগ্রহণ করেন তিনি। তার ওপর উগ্র ধর্মীয় 'মৌলবাদীরা' হামলা চালিয়েছিলো বলে অভিযোগ করেছিলেন হুমায়ুন আজাদ। তার উল্লেখযোগ বইয়ের মধ্যে রয়েছে নারী, দ্বিতীয় লিঙ্গ, কবি অথবা দণ্ডিত অপুরুষ, সব কিছু ভেঙে পড়ে, একটি খুনের স্বপ্ন, পাক সার জমিন সাদ বাদ, ছাপান্নো হাজার বর্গমাইল, মানুষ হিশেবে আমার অপরাধসমূহ, শুভব্রত, তার সম্পর্কিত সুসমাচার ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএইচ/০১৩৬ ঘ.