ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের দমননীতির সমালোচনা করে অন্তত রোজার মাসে নির্যাতন বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার তেজগাঁওয়ের তেজকুনী পাড়ায় এক আলোচনা সভায় তিনি বলেন, "দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, রোজার মাসেও সরকার জুলুম নির্যাতন থেকে বিরত হয়নি। তাই সরকারকে বলবো, অন্তত রোজার মাসে অত্যাচার-নির্যাতন বন্ধ করুন। জনগণকে শান্তিতে ইবাদত করতে দিন।"
কুরআন শিক্ষা মিশনের উদ্যোগে 'রমজানের তাৎপর্য' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিরোধী দলের ওপর সরকারের দমননীতির চিত্র তুলে ধরে ফখরুল বলেন, "একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে নতুন করে মিথ্যা মামলা দিয়েছে।"
খালেদা জিয়ার বিরুদ্ধে করা নতুন মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।
'আড়াই বছরে উন্নয়ন হয়নি'
সাবেক প্রতিমন্ত্রী ফখরুল বলেন, "আড়াই বছরে সরকার রাস্তা-ঘাটের কোনো উন্নয়ন করেনি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইলের মতো ব্যস্ত মহাসড়ক দুটির সংস্কারের অভাবে যাত্রী সাধারণকে চরম দুভোর্গ পোহাতে হচ্ছে।"
মহামহাসড়ক দুটি দ্রুত সংস্কারেরও দাবি জানান তিনি।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ কুরআন শিক্ষা মিশনের নেতারা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০৪৫ ঘ.
bdnews24