সিরাজগঞ্জ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গা থানায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার সকালে ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামের সাতচুকাকুমিরা বিলে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আহতদের মধ্যে আট জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- লাবু ভূঁইয়া (৩০), শামসুল হক (৬৫), শহিদুল ইসলাম বিশা (৪০), বাবুল হোসেন (৪২), ইসমাইল হোসেন (৫৫), হাফিজা বেগম (৫৫), শাহিনুর খাতুন (২৭) ও হামিদা বেগম (৩৫)।
ওই বিল ইজারা নেওয়ার কথা জানিয়ে লাবু সাংবাদিকদের বলেন, এলাকার প্রভাবশালী ময়েন উদ্দিন খান ও তার ছেলে মজিবুর রহমানের নেতৃত্বে একটি দল জোর করে মাছ ধরতে গেলে তিনি বাধা দেন।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৭৪০ ঘ.
bdnews24