শেরপুর, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নকলা উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার চুরির সময় পাঁচ জনকে ধরে পুলিশে দিয়েছে জনতা।
শুক্রবার ভোর ৬টার দিকে ধরা পড়া এব ব্যক্তি আন্তঃজেলা ট্রান্সমিটার চোর দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
তাদের কাছে হাইড্রলিক কাটারসহ অন্যান্য যন্ত্রপাতি পাওয়া গেছে। একটি ট্রাকও নিয়ে এসেছিলো তারা।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাড়া গ্রামের সেলিম (২৫) ও নান্দাইলের আলী হরগতি গ্রামের দুরন্ত খান (২৫), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তালতলা গ্রামের সুমন (২২), একই গ্রামের সাথী (২০) এবং কুটি চৌমুহনী গ্রামের হাসান (২০)।
নকলা থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরা দীর্ঘদিন ধরে শেরপুর জেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিটার চুরি করে আসছিলো।
নকলা পৌর এলাকার জালালপুর মহল্লায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সমিটার চুরি করে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটকায় বলে জানান তিনি।
এসআই মোস্তাফিজ বলেন, "চুরির ঘটনার পরপরই জনতা পুলিশকে খবর দেয়। তারপর ধাওয়া করে পাশের কলাপাড়া এলাকায় ট্রাকটি আটকে পাঁচ জনকে ধরা হয়।"
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচ জনই চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে জানিয়ে নকলা থানার ওসি ফছিহুর রহমান বলেন, ওই দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৬ ঘ.
bdnews24