দিনাজপুর, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিলি স্থলবন্দর থেকে আমদানি পণ্য পরিবহনে অনির্দিষ্টকাল বিরত থাকার ঘোষণা দিয়েছে বন্দরের ট্রাক মালিক গ্র"প ও ট্রাক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।
বৃহস্পতিবার রাতে ট্রাক মালিক গ্র"পের কার্যালয়ে সংগঠন দুটি যৌথ সংবাদ সম্মেলনে তিনটি দাবি জানিয়ে এ ঘোষণা দেন হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্র"পের উপদেষ্টা মো. কামাল হোসেন রাজ।
বন্দরে বাংলাদেশি এক ট্রাকের চাপায় এক শ্রমিক নিহত হওয়ার পর বাংলাদেশি ট্রাক ভাংচুরের প্রেক্ষিতে পণ্য পরিবহন না করার এ ঘোষণা দিলো সংগঠন দুটি।
লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন, দুপুরে হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ভেতরে বাংলাদেশি একটি ট্রাক ভারতীয় ট্রাক থেকে পণ্য ওঠানোর জন্য পেছনের দিকে সংযুক্ত করা হচ্ছিল। এ সময় পানামা পোর্টের অদক্ষতা এবং অব্যবস্থাপনার কারণে বাংলাদেশি ট্রাকের চাপায় নওশাদ হোসেন নামে এক শ্রমিক নিহত হয়।
"এই ঘটনাকে কেন্দ্র করে পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য কর্মকর্তারা পোর্টের কর্মরত শ্রমিক ও তাদের সর্দারকে উসকে দিয়ে ট্রাকের চালক ও হেলপারকে পিটিয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা চারটি বাংলাদেশি ট্রাক ভাংচুর করে।"
শ্রমিকেরা বাইরে বেরিয়ে এসে ট্রাকচালক সমবায় সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে কার্যালয়ের টিভিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে বলেও অভিযোগ করেন তিনি।
সংগঠন দুটির তিন দাবি হলো, পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অনন্ত কুমার চক্রবর্তী নেপালের অপসারণ, দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা এবং পানামা পোর্টে অব্যবস্থাপনা নিরসনের পদক্ষেপ নেওয়া।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ট্রাক মালিক ও ট্রাক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ পানামা পোর্ট থেকে সব ধরনের আমদানি পণ্য পরিবহনে বিরত থাকবে বলে জানান কামাল হোসেন।
এ বিষয়ে কথা বলতে পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী নেপালের সঙ্গে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০২৩ ঘ.
bdnews24