ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাবারে ভেজাল মিশ্রণকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বৃহস্পতিবার জাতীয় পার্টি আয়োজিত ইফতারে এরশাদ বলেন, "অভিযান চালিয়ে দু'একটি ভেজাল কারখানা বন্ধ করলেই এ সমস্যার সমাধান হবে না। খাবারে ভেজাল মিশ্রণকারীদের মৃত্যুদণ্ড দিলেই ভেজাল দেওয়া বন্ধ হবে।"
ভেজাল খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন উল্লেখ করে এরশাদ বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেয়। শিক্ষকরা কোচিং সেন্টার খুলে ক্লাসে না পড়িয়ে অর্থ উপার্জন করেন। ডাক্তাররা ডায়াগনস্টিক সেন্টার খুলে মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাপার ইফতারে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, জাপা মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ, কাজী ফিরোজ রশিদসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০২৩ ঘ.
bdnews24