ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন লালবাগ থানার ওসি আজিজুল হক।
মহানগর হাকিম রোকসানা বেগম হেপীর আদালতে মামলা উত্থাপনের পর তিনি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সংবিধান নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে আমিনীর বিরুদ্ধে এ মামলাটি হয়েছে বলে জানান তিনি।
বিএনপির মিত্র দলের নেতা আমিনী গত ১৪ জুলাই লালবাগে এক আলোচনা সভায় বলেন, সংশোধিত সংবিধান শুধু ছুড়ে ফেললে হবে না, একে ডাস্টবিনে ফেলে দিতে হবে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর বিরোধীদলীয় নেতা সংশোধিত সংবিধান ছুড়ে ফেলা হবে বলে বক্তব্য দেন। এরপরই ওই কথা বলেন আমিনী। তবে আমিনী বলে আসছেন, তিনি ওই বক্তব্য দিয়েছেন 'রূপক' অর্থে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/১৭৪৪ ঘ.
bdnews24