ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর আরেকটি মামলায় জামিন পেয়েছেন আদালতে হট্টগোলের পর গ্রেপ্তার বিএনপির সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবী।
ধানমণ্ডির থানার এ মামলায় বৃহস্পতিবার তাদের জামিন দেন ঢাকা মহানগর হাকিম শামীমা পারভীন।
অন্য দুই আইনজীবী হলেন- তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক রাজন।
এ মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিন হেফাজতে চেয়ে আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেন হাকিম।
গত ১২ ও ১৩ জুন বিএনপির ডাকা হরতালের সময় ১২ তারিখে রাজধানীর মিরপুর রোডের অরচার্ড পয়েন্ট সংলগ্ন একটি দোকানের সামনে ট্যাক্সি ক্যাবে আগুন দেওয়া হয়। ওই মামলায় পাপিয়াদের গ্রেপ্তার দেখানো হয়েছিলো।
রমনা থানায় দায়ের করা একই ধরনের আরেকটি মামলায় পাপিয়াসহ তিন জন গত ৮ অগাস্ট জামিন পেয়েছিলেন।
তবে আদালতে হট্টগোলের মামলায় এখনো জামিন পাননি পাপিয়া। ওই মামলায় ১০ দিন হেফাজতের আবেদনের শুনানি বৃহস্পতিবারই হবে।
২ অগাস্ট আদালতে হট্টগোলের পরদিন পাপিয়ার সঙ্গে গ্রেপ্তার হলেও রাজনের নাম ওই মামলার আসামির তালিকায় নেই, তবে তৌহিদ রয়েছেন।
গত ২ অগাস্ট হাইকোর্টের একটি বেঞ্চে সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যের বিরুদ্ধে করা একটি আবেদনের শুনানি হয়। সেখানে খালেদা জিয়ার একই ধরনের উক্তির প্রসঙ্গে আদালত তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললে হট্টগোল বাঁধে ও হাতাহাতি হয়।
এরপর পুলিশ বাদি হয়ে দুটি মামলা করে। প্রথম মামলায় পুলিশের কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ আনা হয়। তাতে পাপিয়া ও তৌহিদসহ বিএনপি সমর্থক ১৪ আইনজীবীকে আসামি করা হয়।
ওই মামলার আরেক আসামি এম ইউ আহম্মেদকে বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১২৩০ ঘ.
bdnews24