চট্টগ্রাম, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রি ও ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় চট্টগ্রামে পাঁচটি ওষুধের দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ফয়েস লেক মোড়ের মোস্তাফিজ মেডিক্যাল হল ও মেসার্স সুমী মেডিকোকে ১০ হাজার টাকা করে, মেসার্স মাবুদ মেডিক্যাল হল ও অমিত মেডিক্যাল হলকে পাঁচ হাজার টাকা করে এবং ওয়ারলেস মোড় এলাকার জহুরা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জোবায়ের আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে চারটি হোটেল এবং ওজনে কম দেওয়ায় একটি জেনারেল স্টোর ও এক মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়।
জোবায়ের জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে ওয়ারলেস মোড়ের চিটাগাং হোটেলকে ৪০ হাজার টাকা, মামা ভাগ্নে হোটেলকে ১০ হাজার টাকা ও ভাই ভাই হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীনের নেতৃত্বে দুপুরে নগরীর কোতোয়ালী থানার আলকরণ রোড ও ফিরিঙ্গি বাজার এলাকায় আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির অপরাধে আলকরণ রোডের হোটেল মেরাজকে পাঁচ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ায় ফিরিঙ্গি বাজার এলাকার ইদ্রিস স্টোরকে তিন হাজার টাকা ও মাংস বিক্রেতা মো. কায়েসকে এক হাজার টাকা জরিমানা করে ওই আদালত।
র্যাব-৭ এর একটি দল ও বিএসটিআই'র প্রতিনিধিরা ওই ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/পিডি/২০১১ ঘ.
bdnews24