২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ৪ ব্যক্তির যাবজ্জীবন

হত্যামামলায় চার ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

সাতক্ষীরা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যামামলায় চার ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরো এক বছর করে কারাভোগ করতে হবে। বুধবার সাতক্ষীরার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শরিফ উদ্দীন আজাদ এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- তালা উপজেলার হাজরাকাঠি গ্রামের আব্দুল মজিদ বিশ্বাস, জিয়ালা নলতা গ্রামের শওকাত নিকারী, প্রসাদপুর গ্রামের আব্দুস সালাম ও কালাম হাওলাদার। প্রসাদপুর গ্রামের ইব্রাহিম ফকিরকে হত্যার জন্য তাদের এ দণ্ড দেওয়া হলো। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরনে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৪ সালের ১ ডিসেম্বর রাতে ইব্রাহিম ফকিরকে ঘুম থেকে ডেকে তুলে আসামিরা মারপিট করে। ওই সময় তার স্ত্রী হাফিজা তার স্বামীকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। স্বামীকে বাঁচাতে হাফিজা বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। কিছু সময় পর পাড়া-প্রতিবেশীদের সঙ্গে নিয়ে হাফিজা বাড়ি ফিরে উঠানে স্বামীর জবাই করা লাশ দেখতে পান। হত্যার ঘটনায় ওই দিনই ইব্রাহিম ফকিরের স্ত্রী হাফিজা তালা থানায় নয় জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আসামিরা এর আগে ১৯৯২ সালেও একবার ইব্রাহিমকে বোমা মেরে হত্যার চেষ্টা করেছিলো বলে মামলায় বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৯৫০ ঘ.