ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও খুলনার নগর পরিকল্পনা এবং অবকাঠামো ও সেবার মানোন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১২ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার।
বুধবার এ বিষয়ে এডিবির সঙ্গে চুক্তি করেছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া এবং বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর থেবাকুমার কান্দিয়াহ এই চুক্তিতে সই করেন।
এডিবির এই ঋণের অর্থে 'সিটি রিজিয়ন ডেভলেপমেন্ট প্রোজেক্ট' নামের একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। পাঁচ বছর মেয়াদী ১৮ কোটি ৪৭ লাখ ডলারের এ প্রকল্পের লক্ষ্য হবে ঢাকা ও খুলনা সিটি কর্পোরেশন এবং আশেপাশের ছোট শহরগুলোর পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও বর্জব্যবস্থাপনা, নগর পরিবহন এবং সৌর বিদ্যুৎ খাতের উন্নয়ন করা।
স্থানীয় সরকার প্রৌকশল বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে এ প্রকল্প।
প্রথম আট বছর (গ্রেস পিরিয়ড) এক শতাংশ এবং এরপর থেকে দেড় শতাংশ হার সুদে ৩২ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে এডিবিকে।
রাজধানীর শেরেবাংলানগরে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরডি সচিব মোশাররফ হোসেন জানান, জার্মান সরকারের ব্যাংক কেএফডব্লিউ এ প্রকল্পের জন্য এক কোটি ৪৭ লাখ ডলার দেবে। আর বাংলাদেশ সরকার দেবে আরো পাঁচ কোটি ডলার।
এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, "এ দুটি শহরের প্রবৃদ্ধি বাড়ানো এবং পরিবেশগত স্থায়িত্ব অর্জনই এ প্রকল্পের লক্ষ্য।"
অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পের আওতায় ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা এবং তা সময়োপযোগী করা হবে। প্রণয়ন করা হবে সমন্বিত আঞ্চলিক উন্নয়নের জন্য একটি রূপকল্প। এছাড়া সাভারে প্রস্তাবিত স্যাটেলাইট নগরসহ ভবিষ্যৎ প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাই করা হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হিসাব অনুযায়ী, নতুন এ ঋণ চুক্তির পর এডিবি কাছে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১০০ কোটি ডলার।
১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্য হওয়ার পর থেকে এদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে ভূমিকা রাখছে সংস্থাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/জেকে/১৯৪৮ ঘ.
bdnews24