বান্দরবান/শেরপুর, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলাটি দ্বিতীয় দিনের মতো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ছুটি ঘোষণা করা হয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো যোগাযোগ বিচিছন্ন রয়েছে পার্বত্য বান্দরবান জেলা।
অন্যদিকে পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
বান্দরবান-কেরানীহাট সড়কে বাজালিয়া ও আমতলী পয়েন্টে মঙ্গলবার রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বুধবারও পানি সরেনি। পানিতে তলিয়ে আছে পুলপাড়া এলাকায় বান্দরবান-চন্দ্রঘোনা সড়কও। বান্দরবান-রোয়াংছড়ি সড়কের পেশকারঘোনা (রামজাদি) এলাকায় পাহাড় ধসে পায় ওই সড়কেও গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, জেলা সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও রুমা উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। অনেকে আত্মীয়-স্বজনের বাড়িতে উঠেছে। তবে অধিকাংশ মানুষই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসে আশ্রয় নিয়েছে।
পানি উঠে যাওয়ায় এবং লোকজন আশ্রয় নেওয়ায় জেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে।
সাঙ্গু নদীর তীরে বান্দরবান পৌর এলাকায় কয়েকশ বসতঘর পানিতে ভেসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো কয়েকশ বসতঘর পানির নিচে রয়েছে।
জেলা শহরের আর্মি পাড়া, মেম্বারপাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর, বাস স্টেশন, লাঙ্গিপাড়া, কালাঘাটা, বালাঘাটার প্রায় চার হাজার পরিবার পানিবন্দী হয়ে রয়েছে।
পানিতে বসত ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় এসব এলাকার মানুষ শহরের আল ফারুক ইনস্টিটিট (স্কুল), সরকারি হাই স্কুল, হাফেজঘোনা প্রাইমারী স্কুল, বাস স্টেশন প্রাইমারি স্কুল, জেলা পরিষদের ডাক বাংলো ও নির্মাণাধীন কম্পিউটার ট্রেনিং সেন্টারে আশ্রয় নিয়েছে।
আল ফারুক ইনস্টিটিউট ভবনে আশ্রয় নেওয়া শেরে বাংলা নগরের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন (৫০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, গত মঙ্গলবার বিকাল থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিলেও বুধবার বিকাল পর্যন্ত তাদের শুধু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ছাড়া কিছুই দেওয়া হয়নি।
আশ্রয় নেওয়া এসব মানুষকে হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। রান্নার কোনো ব্যবস্থা না থাকায় রাতে সেহরির ব্যবস্থা করতে বিপাকে পড়ছে অনেকে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল আবছারের সঙ্গে যোগাযোগ করা হলে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় যোগাযোগ করেও সঠিক কোনো হিসাব পাওয়া যায়নি।
বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এন. মোরশেদ জানান, সদর উপজেলায় প্রায় চার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সদর উপজেলায় যারা আশ্রয় কেন্দ্রে উঠেছে, তাদের খাবার ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ হোসেন জানিয়েছেন।
শেরপুরে সীমান্তবর্তী নালিতাবাড়িতে কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকার প্রায় ৭০ ফুট দীর্ঘ সেতুর সংযোগ সড়ক পানিতে তলিয়ে গেছে। এর ফলে শেরপুর-গাজির খামার-নালিতাবাড়ি সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, সংযোগ সড়ক ডুবে যাওয়ায় আপাতত বাঁশের সাঁকো তৈরি করে জনসাধারণের পারাপারের ব্যবস্থা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৯৩৯ ঘ.
bdnews24