ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেনের চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
২০০৯ সালের ১১ অগাস্ট ওই পদে চুক্তিতে নিয়োগ পান ড. মোমেন। ওই চুক্তিরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে তার মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
তারা হলেন- মেজর ইকবাল শাহরিয়ার ও মেজর রফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭০৪ ঘ.
bdnews24