নড়াইল, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নড়াইলে চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে বুধবার সকালে সুলতান কমপ্লেক্সে শিল্পীর সমাধিতে ফুল দেওয়া হয়। সেখানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাও হয়।
জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে ফুল দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. জহুরুল হক, সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসএম সুলতান ১৯২৪ সালের ১০ অগাস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আর্টিস্ট হিসেবে স্বীকৃতি পান। তিনি ১৯৯৪ সালের ১০ অক্টোবর মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬২০ ঘ.
bdnews24