ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতরের আগেই শ্রমিক ও কর্মচারীদের চলতি মাসের বেতন ও বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, "এক সঙ্গে দুই মাসের বেতন ও বোনাস পরিশোধ করতে মালিকদের জন্য চাপ হবে। তবে এও সত্য যে এ জন্য পরিকল্পনা করতে তারা এক বছর সময় পেয়েছেন। বছরের প্রথম থেকে পরিকল্পনা করলে এতে তাদের কোনো চাপ হতো না।"
রাজধানীর একটি হোটেলে বুধবার এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
বিএসসিআই ও লিফট স্ট্যান্ডার্ডস যৌথভাবে 'তৈরি পোষাক শিল্প খাতের সামাজিক নিরাপত্তা' শীর্ষক এ বৈঠকের আয়োজন করে।
লিফট স্ট্যান্ডার্ডস'র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিয়ান ফন মিজলাফের সভাপতিত্বে বৈঠকের সঞ্চালনা করেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির ব্যুরো প্রধান ফরিদ হোসেন।
বৈঠকের আলোচনায় অংশ নিয়ে বিজিএমইএ'র পরিচালক শহীদুল আজিম বলেন, দেশের গার্মেন্ট শিল্পের অবস্থা বর্তমানে ভালো নয়। প্রায় ৭০ শতাংশ গার্মেন্ট কারখানায় বর্তমানে কাজ নেই। অনেকেই সাব-কন্ট্রাক্টের কাজ করছে। এ অবস্থায় ঈদের আগে অগাস্টের পুরো বেতন দেওয়া অনেকের পক্ষেই সম্ভব হবে না।
তিনি বলেন, এছাড়াও ঈদের আগেই কর্মীদের পুরো বেতন দেওয়া হলে তারা পরের মাসে খালি হাতে সমস্যায় পড়বে। তবে ঈদের আগে অনেক কারখানা বোনাস দেবে। যদিও শ্রম আইন ও সর্বশেষ ঘোষিত ন্যুনতম মজুরি কাঠামোতে বোনাস দেওয়া বাধ্যতামূলক করা হয়নি।
তবে এর বিরোধিতা করে ট্রেড ইউনিয়ন কেন্দ্র'র সাধারণ সম্পাদক ও স্কপ নেতা ওয়াজেদুল ইসলাম খান বলেন, গার্মেন্ট শিল্পের অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হলে শ্রমিকদের অগাস্টের বেতন ঈদের আগেই পরিশোধ করতে হবে। একইসঙ্গে বোনাসও দিতে হবে শ্রমিকদের।
এ শিল্পের সামাজিক নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, এ শিল্পের ট্রেড ইউনিয়নের পরিবর্তে পার্টিসিপেশন কমিটি নামে যে কমিটি গঠন করা হয়েছে, তা শ্রমিকদের কোনো কাজে আসছে না। শ্রমিকরা সেখানে কোনো কথা বলতে পারে না। তাই এ শিল্পের শৃঙ্খলা রক্ষায় ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে হবে।
বিলস'র সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রম আইন সংশোধনে সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ২০০৬ সালের শ্রম আইনে সামাজিক নিরাপত্তা হিসেবে গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ও বীমার বিষয়গুলো উল্লেখ নেই। সংশোধনী প্রস্তাবে এ বিষয়গুলো যেন অন্তর্ভুক্ত করা হয়।
জবাবে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, গার্মেন্ট খাতের সামাজিক নিরাপত্তার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
এ শিল্পে ট্রেড ইউনিয়ন চালু করার পক্ষে মত দিয়ে মন্ত্রী বলেন, গার্মেন্ট শিল্পে অস্থিরতার জন্য শ্রমিকরা দায়ী নয়। বরং বাইরের স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো এরজন্য দায়ী। এ শিল্পে ট্রেড ইউনিয়ন ও সমন্বিত দর কষাকষি সংস্থা (সিবিএ) না থাকায় এনজিওসহ বাইরের এসব গোষ্ঠী এ সুযোগ নিচ্ছে।
গার্মেন্ট শ্রমিকদের উৎপাদন ক্ষমতা নিয়ে মালিকদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "শ্রমিকদের চাহিদা পূরণ করুন, তারপর তাদের উৎপাদন ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলুন। বাংলাদেশের কর্মীরা পৃথিবীর বিভিন্ন দেশে অত্যন্ত ভাল কাজ করে সুনাম অর্জন করেছে। এখানেও চাহিদা পূরণ হলে মনে আনন্দে তারা কাজ করবে।"
সাংসদ সারাহ বেগম কবরী, গার্মেন্টস শ্রমিক নেত্রী সাফিয়া পারভীন, বিদেশী ক্রেতাদের প্রতিনিধি জিয়া আহাদ এতে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫১০ ঘ.
bdnews24