ময়মনসিংহ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত পুলিশ কর্মকর্তা কহিনূর মিয়ার বিরুদ্ধে হত্যামামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভায় দুই জনকে গুলি করে হত্যার ঘটনায় জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) কহিনূর মিয়ার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল আদালতের চার নং আমলি আদালতের বিচারক রোজিনা খানম এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী ফকির হাবিবুর রহমান।
গত ৩ জুলাই একই আদালতে মামলার পুনঃতদন্তের অভিযোগপত্র জমা দেয় সিআইডি।
ফকির হাবিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৪ সালে নান্দাইল পৌরসভার ভোট চলাকালে আচারগাঁও ভোটকেন্দ্রে সুজন ও তাহের নামে দুইজনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাদি হয়ে স্থানীয় সাংবাদিক-আইনজীবী-রাজনীতিবিদসহ ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা একই বছরের ৩১ অগাস্ট তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন।
"পরে ২০০৭ সালে স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভূঁইয়া এই তদন্তের প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে না-রাজি আবেদন জানান।"
২০০৮ সালের ২৪ জুন আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডি'র কাছে হস্তান্তরের নির্দেশ দেন। সিআইডি'র অতিরিক্ত পুলিশ সুপার ইসমাইল হোসেন গত ৩ জুলাই চিফ জুডিশিয়াল আদালতের চার নং আমলি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
ফকির হাবিবুর বলেন, পুনঃতদন্ত প্রতিবেদনে আগের ১৮ আসামিকে বাদ দিয়ে জেলার সাবেক এসপি কহিনূর মিয়া ও নান্দাইলের বিএনপি নেতা আবদুস সাত্তার উজ্জ্বলকে আসামি করা হয়।
নান্দাইল পৌরসভার ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া বিজয়ী হন।
কহিনূর মিয়া ঢাকায় অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে পুলিশি হামলার ঘটনায় বিতর্কিত হয়েছিলেন। মামলার শুনানিতে উজ্জ্বল উপস্থিত ছিলেন। কহিনূর বর্তমানে হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২৩৩০ ঘ.
bdnews24