২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ দফা দাবি জানালো নির্মাণ শ্রমিকরা

শ্রমিকদের নিরাপত্তার জন্য ন্যাশনাল বিল্ডিং কোড এবং বাংলাদেশ শ্রম আইন ২০০৬ প্রণীত হলেও তার কার্যকর প্রয়োগ নেই বলে অভিযোগ করেছে নির্মাণ শ্রমিক ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের নিরাপত্তার জন্য ন্যাশনাল বিল্ডিং কোড এবং বাংলাদেশ শ্রম আইন ২০০৬ প্রণীত হলেও তার কার্যকর প্রয়োগ নেই বলে অভিযোগ করেছে নির্মাণ শ্রমিক ঐক্য পরিষদ। একই সঙ্গে অর্থনৈতিক, সামাজিক এবং কর্মকালীন নিরাপত্তা বিধানে নির্মাণ শ্রমিকদের আটটি সংগঠনের এই পরিষদ বর্তমান বাজার দর অনুযায়ী মজুরি কাঠামো পুনর্নির্ধারণসহ স্বাস্থ্য, কর্মপরিবেশ, কর্মঘণ্টা, আইন-অধিকার এবং সামাজিক নিরাপত্তা সংক্রান্ত পাঁচ দফা দাবি জানিয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'নির্মাণ শিল্পে শ্রমিকের নিরাপত্তা: করণীয়' শীর্ষক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্স) আয়োজনে এবং নির্মাণ শ্রমিক ঐক্য পরিষদের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিল্স-এর মহাসচিব নজরুল ইসলাম খান বলেন, "বর্তমান বছরের প্রথম ৪ মাসে শুধু নির্মাণ খাতে ৫৯ জন শ্রমিক মারা গেছেন। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত চার বছরে কর্মক্ষেত্রে মারা যাওয়া শ্রমিকের সংখ্যা ১ হাজার ১৯০ জন যার ৪০ শতাংশই নির্মাণ ক্ষেত্রের।" নির্মাণশিল্পে কর্মরত শ্রমিকের সংখ্যা ২০ লাখ এবং ২০২০ সাল নাগাদ এই সংখ্যা ৩০ লাখে পৌঁছাবে বলে জানান তিনি। নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মো. নুরুল হক বলেন, "১৯৮৩ সালে জাতীয় সংসদ ভবনের এক অংশে নির্মাণ কাজ চলার সময় আমার এক সহকর্মী দুর্ঘটনায় মারা যায়। কিন্তু যেখান থেকে দেশের সবকিছু পরিচালিত হয় সেখানে থেকেও কোনো ধরনের ক্ষতিপূরণ বা সাহায্য পায়নি তার পরিবার।" মালিকপক্ষের দিক থেকে বিভিন্ন নিরাপত্তা সামগ্রী যেমন- গামবুট, সেফটি নেট, সেফটি বেল্ট ও হেলমেট ইত্যাদি সরবরাহ এবং শ্রমিকদের দিক থেকে এগুলোর ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানান তিনি। সভায় মূল প্রবন্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ বলেণ, "গবেষণায় দেখা গেছে মাত্র ২ দশমিক ৮ শতাংশ নির্মাণশ্রমিক কদাচিত ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জাম পেয়ে থাকে। অন্যদিকে ৯৫ দশমিক ৩ শতাংশ শ্রমিক এ ধরনের কোনো সুবিধাই পায় না।" বর্তমানে নির্মাণ খাতে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৮১ শতাংশ যা কৃষি শিল্প ও সেবা খাতের চেয়ে বেশি- এ কথা উল্লেখ করে মোস্তাফিজ বলেন, জিডিপিতে এই খাতের অবদান ৯ দশমিক ১৮ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২৩০৭ ঘ.