২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানের জমি নিয়ে আদালত অবমাননার রুল

আদালত অবমনানার দায়ে রাজউক চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসকসহ ১৮ জনকে কেন অভিযুক্ত করা হবে না জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমনানার দায়ে রাজউক চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসকসহ ১৮ জনকে কেন অভিযুক্ত করা হবে না জানতে চেয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের বেঞ্চ এই রুল জারি করে। আগামী ১৬ অগাস্ট তাদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত অবমাননার এই রুলের বিবাদীরা হলেন- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, ঢাকা জেলা প্রশাসক মো. মহিবুল হক, শেখ আব্দুল মান্নান (সদস্য-পরিকল্পনা), মো. জাহুরুল হক (পরিচালক-নগর পরিকল্পনা), আবু হাসান মর্তুজাসহ (উপ-পরিচালক-নগর পরিকল্পনা) রাজউকের আরো ১৩ কর্মকর্তা। আজিজুর রহমান মোল্লাসহ কয়েকজনের একটি আবেদনে আদালত এই রুল জারি করেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আখতার হামিদ। আখতার হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গুলশান লেকের পাড়ে আবেদনকারীদের কিছু জমি রয়েছে। ২০০০ সালে আপিল বিভাগে একটি মামলায় রাজউক গুলশান লেকের লে আউট প্ল্যান জমা দেয়। জমা দেওয়া ওই পরিকল্পনা অনুযায়ী আপিল বিভাগ পরে রায় দেয়। এই পরিকল্পনা অনুযায়ী জমিটি গুলশান লেকের বাইরে ছিলো। কিন্তু পরে অসাধু কর্মকর্তারা পরিকল্পনায় পরিবর্তন এনে জমিটিকে গুলশান লেকের জমি হিসাবে দেখায়।" "ওই জমি রাজউক দখলে নিতে চাইলে তারা ২০০৯ সালে হাইকোর্টে একটি রিট করেন। ওই রিটে আদালত রুল দেওয়ার পাশাপাশি তাদের জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়।" আদালতে এই নির্দেশনার পরও ওই জমি ছাড়ার ব্যাপারে গত ১৯ জুন ঢাকা জেলা প্রশাসক একটি নোটিস দেন- এ কথা জানিয়ে আখতার বলেন, "এ অবস্থায় আদালত অবমাননা হয়েছে উল্লেখ করে আবেদনকারীরা হাইকোর্টে একটি আবেদন দেয়। শুনানি শেষে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২১২ ঘ.