২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ছন্দপতন নগরজীবনে

মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জনজীবনে ছন্দপতন হয়েছে। সোমবার থেকে বৃষ্টিপাতের ফলে দেশের বৃহত্তম নগরী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জনজীবনে ছন্দপতন হয়েছে। সোমবার থেকে বৃষ্টিপাতের ফলে দেশের বৃহত্তম নগরী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ১১৫ মিলিমিটার (মিমি), চট্টগ্রামে ৮৫ মিমি এবং রাজশাহী ও খুলনাতে ৮৫ মিমি। বৃষ্টির কারণে ঢাকা শহরের বিভিন্ন এলাকার রাস্তা সকালে হাঁটু পানিতে ডুবে যায়। মিরপুর, গুলশান, শান্তিনগরসহ রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে থাকায় বাড়তি যানজটের দুর্ভোগ পোহাতে হয় ঢাকাবাসীদের। বেশ ঝঞ্ঝাট করে গন্তব্যে পৌঁছাতে হয় দিনের শুরুতে অফিস-আদালতের উদ্দেশে বের হওয়া মানুষদের। চট্টগ্রামে বৃষ্টিপাতের সঙ্গে জোয়ারের প্রভাবেও পানি বেড়েছে। মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত বন্দর নগরীর কিছু এলাকায় বেশ কয়েক ঘণ্টা ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরপর ভাটা শুরু হওয়ায় জমে থাকা পানি আবার নামতে শুরু করলে জলাবদ্ধতা কমে। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, মোহাম্মদপুর, চকবাজার মোড়, কাপাসগোলা, বাদুরতলা, বাকলিয়ার কিছু অংশ, ডিসি রোড, শুলকবহর, হালিশহরসহ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় প্রবল মৌসুমী বায়ুর কারণে বেশি বৃষ্টিপাত হচ্ছে। নগরীর হালিশহর এলাকার বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রাস্তায় পানি জমে থাকায় পানি ডিঙ্গিয়ে অফিসে আসতে হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতি বৃষ্টি ও জোয়ারের কারণে কয়েকটি স্থানে একটু পানি উঠেছিল। সকাল ১০টার পর থেকে কোথাও জলাবদ্ধতা নেই। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায় সোমবার রাত ২টা ৫২ মিনিট থেকে মঙ্গলবার সকাল ৯টা ২১ মিনিট পর্যন্ত কর্ণফুলী নদীর মোহনায় জোয়ার ছিলো। এরপর থেকে ভাটা শুরু হয়। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/কিউএইচ/এমআই/১৫৩০ ঘ.