২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জ্বালানি নিরাপত্তা' দিবসে শোভাযাত্রা

জ্বালানি সংরক্ষণ ও এর সঠিক ব্যবহারে সচেতনতা বাড়াতে মঙ্গলবার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালন করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 05:32 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি সংরক্ষণ ও এর সঠিক ব্যবহারে সচেতনতা বাড়াতে মঙ্গলবার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালন করছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো এ দিবস পালন করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ অগাস্ট বিদেশি কোম্পানির অধীনে থাকা পাঁচটি গ্যাসক্ষেত্র রাষ্ট্রীয় মালিকানায় এনেছিলেন। বঙ্গবন্ধুর ওই পদক্ষেপকে স্মরণীয় করে রাখতে ৯ অগাস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর ও জ্বালানি বিভাগের সচিব মেসবাহ উদ্দিন। কারওয়ান বাজারে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) মিলনায়তনে দুপুর আড়াইটায় সেমিনার হবে। সেখানে প্রবন্ধ উপস্থাপন করবেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মোল্লা মোহাম্মদ মবিনুল হোসেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক ও পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বিশেষ অতিথি থাকবেন। জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে সোমবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, "জ্বালানি নিরাপত্তা দিবস উদযাপন জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধ এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে গণসচেতনতা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।" প্রধানমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ দেশের মূল্যবান সম্পদ। এ সম্পদের সুষ্ঠু ব্যবহার ও অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। এ বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে জ্বালানি নিরাপত্তা দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই বিশ্বাস করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কিউএইচ/এমআই/১১২২ ঘ.