জামালপুর, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী বাটিকামারী বিলের পরিবেশ রক্ষার দাবি জানিয়েছে এলাকার জনগণ।
সোমবার বাটিকামারী গ্রামের লোকজন মানববন্ধন ও মিছিল করে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পলবান্ধা ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য লতা পারভীনের নেতৃত্বে তিন শতাধিক গ্রামবাসী সকাল ১০টায় বাটিকামারী গ্রাম থেকে ইসলামপুর বটতলা মোড়ে জড়ো হয়।
সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা ইউএনও কার্যালয় এলাকায় গিয়ে মানববন্ধন করে। পরে ইউএনও বরাবর একটি স্মারকলিপি দেন।
স্মারকলিপি দিতে আসা বাটিকামারী গ্রামের প্রবীণ ব্যক্তি আশরাফ আলী জানান, বিলটি একসময় এ অঞ্চলের সর্বস্তরের মানুষের মাছের চাহিদা মেটাতো। প্রায় দুই বর্গকিলোমিটার এলাকায় বিস্তৃত এই বিলটি ছিল সবার জন্য উন্মুক্ত।
গত ১৫ বছর আগেও এখানে রুই, চিতল, বোয়াল, কাতল, পাবই, বাতাই, বাম, আইড়, গুজি, শোল, কৈ, মাগুর, টেংরা, শিং, পুটি, মলা, চিংিড়সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত।
এলাকার ১৬টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ এই বিলের মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করত।
তিনি বলেন, প্রায় দশ বছর ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিল দখল করে পানিফল চাষ এবং বিলের ওপর অবৈধ নজরদারি করে আসছে। পোকা থেকে রক্ষার জন্য তারা পানিফল গাছে ডিডিটি পাউডারসহ নানা কীটনাশক ব্যবহার করছে।
ইসলামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতে হুর বলেন, বিলে পানিফল চাষে বিষ প্রয়োগ না করার জন্য সতর্ক করা হয়েছে। গত জুলাই মাসে বাটিকামারি বিল এলাকায় মাইকিং করা হয়েছে।
তিনি আরও জানান, মৎস্য বিভাগের বিলের নার্সারি প্রকল্পের আওতায় চলতি বর্ষার শুরুতেই মাছের রেনু পোনা ছাড়া হয়েছে। বিলটিকে মাছের অভয়াশ্রম হিসেবে গড়ে তোলার জন্য সরকারিভাবে একটি প্রকল্প প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে।
ইসলামপুর ইউএনও মো. আনোয়ার হোসাইন আকন্দ বলেন, বাটিকামারী বিলটি এই এলাকার মাছের উৎস এবং চাহিদার ক্ষেত্রে একটি সম্ভাবনাময় বিল। পানিফল চাষি এবং বিষাক্ত কীটনাশক ব্যবহার প্রসঙ্গে খোঁজখবর নেওয়া হবে। ক্ষতিকর কিছু পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
তারা বাটিকামারী বিলটি মাছ চাষের জন্য উন্মুক্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩২ ঘ.
bdnews24