বাগেরহাট, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে বিক্রিত চিনির হিসাব দিতে না পারায় এক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবাল বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান এ আদেশ দেন।
'সিয়াম এন্টারপ্রাইজ' নামের একটি প্রতিষ্ঠানের মালিক মকবুল হোসেনকে এ জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিয়াম এন্টারপ্রাইজ গত ২৩ জুলাই সিটি গ্রুপের ডিপো থেকে দুইশ' বস্তা চিনি উত্তোলন করে বিক্রি করে। কিন্তু এই চিনি কার কাছে কী দরে বিক্রি করা হয়েছে তার প্রমাণ ভ্রাম্যমাণ আদালতকে দেখাতে ব্যর্থ হন মকবুল হোসেন।
তিনি জানান, এ কারণে অত্যবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে মকবুল হোসেনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০২ ঘ.
bdnews24