ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইফতার ও সেহরির সময় লোডশেডিং না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইফতার ও সেহরির সময় বাদে কখন, কোন এলাকায় লোডশেডিং হবে তা আগে থেকে এলাকাবাসীকে জানিয়ে দিতে বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী সোমবার সচিবালয়ে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব হাসিনা নিজের কাছেই রেখেছেন। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এনামুল হক। এছাড়া তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এর আগে ২০১০ সালের ৮ অগাস্ট বিদ্যুৎ মন্ত্রণালয়ে অফিস করেছিলেন হাসিনা। এর ঠিক এক বছর পর সোমবারও ওই মন্ত্রণালয়ে গেলেন তিনি।
সকাল ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত মন্ত্রণালয়ের দুই বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল বালাম আজাদ সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।
বৈঠকের শুরুতেই পাওয়ার পয়েন্টে দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘ এই বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানান।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের বিপুল পরিমাণ ভতুর্কি দেওয়ার বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত অর্থ বছরে এই খাতে সরকার চার হাজার পাঁচশ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেকোন পরিকল্পনাই যেনো সুদূর প্রসারী চিন্তা-ভাবনা করে নেওয়া হয় সেজন্য প্রধানমন্ত্রী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণ করে তখন দেশে দৈনিক ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। আর ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে যখন ক্ষমতা হস্তান্তর করা হয় তখন দেশে দৈনিক চার হাজার তিনশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।
বিদ্যুতের চাহিদা প্রতিনিয়ত বাড়লেও চারদলীয় জোট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে এর উৎপাদন এক মেগাওয়াটও বাড়েনি উল্লেখ করে হাসিনা বলেন, "২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যখন সরকার গঠন করে তখন দৈনিক তিন হাজার একশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এখন দৈনিক পাঁচ হাজার ৫২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।"
"বর্তমান সরকার নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করছে বলেই এই সময়ের মধ্যে প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে," যোগ করেন তিনি।
বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নের জন্য জনগণকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাতারাতি বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।
বর্তমান সরকারের সময়ে গ্যাসের দৈনিক উৎপাদন ২৮৪ মিলিয়ন ঘনফুট বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দৈনিক দুই হাজার ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। আর, এখন গ্যাসের দৈনিক চাহিদা হচ্ছে আড়াই হাজার মিলিয়ন ঘনফুট।
দায়িত্বে অবহেলায় শাস্তি
বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তৌফিক-ই- ইলাহী চৌধুরী সাংবাদিকদের জানান, বিদ্যুৎ সরবরাহে দায়িত্ব অবহেলা করলে তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তরলীকৃত গ্যাস (এলপিজি) সরবরাহ বৃদ্ধি ও সহজলভ্য করতেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান বিদ্যুৎ উপদেষ্টা।
২০১২ সালের শেষের দিকে দেশ লোডশেডিং মুক্ত হবে জানিয়ে তৌফিক ইলাহী বলেন, গত আড়াই বছরে ৩ হাজার ২০০ মেগাওয়াট থেকে ৫ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি পাওয়ার জেনারেশন প্রজেক্ট সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। প্রজেক্টগুলো দ্রুত শেষ করতে তিনি তাগিদ দিয়েছেন।
৪১টি প্রজেক্টের মধ্যে ইতিমধ্যে ১৩টি পাওয়ার জেনারেশন প্রজেক্ট শেষ হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী সন্তুষ্ট বা অসন্তুষ্ট কিনা জানতে চাইলে উপদেষ্টা বা প্রতিমন্ত্রী বিষয়টি এড়িয়ে যান।
বিদ্যুৎ সরবরাহে দায়িত্ব অবহেলার জন্য কোন কর্মকর্তা বা কর্মচারীকে চিহ্নিত বা শাস্তি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে এনামুল হক বলেন, এ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছে। কেউ অবহেলা করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কয়লা নীতি নিয়ে বৈঠকে কোন আলোচনা হয়েছে কি না জানতে চাইলে জ্বালানি সচিব মেজবাহ উদ্দিন বলেন, কয়লা নীতি নিয়ে সরাসরি আলোচনা হয়নি। কয়লা নীতি ঠিক করতে একটি কমিটি করা হবে এবং সে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে।
বৈঠক বিদ্যুৎ সচিব মো. আবুল কালাম আজাদ, জ্বালানি সচিব মেজবাহ উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচএ/আরএ/১৭০৫ ঘ.
bdnews24