ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় জাসদ নেতা কাজী আরেফ হত্যা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দশ আসামিকে হাইকোর্টের দেওয়া খালাস এবং তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
১৯৯৯ সালের ১৬ ফেব্র"য়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক সমাবেশে গুলি করে হত্যা করা হয় জাসদ নেতা কাজী আরেফকে। ওই ঘটনায় আরো চারজন নিহত ও তিনজন আহত হয়। পুলিশের দায়ের করা মামলায় কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ আদালত ২০০৪ সালের ৩০ অগাস্ট ১০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।
নিু আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১০ আসামি হলেন- ইলিয়াস, রাশেদুল ইসলাম ওরফে ঝন্টু, সাফায়েত হোসেন (হাবিব), আনোয়ার হোসেন, সাহির হোসেন, মান্নান মোল্লা, বাকের, রওশন, জাহান ও জালাল। এদের মধ্যে শেষ পাঁচজন পলাতক।
এছাড়া রাফাত ওরফে রাফা, গারেস, তাসিরুদ্দিন, আসগর জোয়ারদার, নজরুল ইসলাম, ওয়ালিউর রহমান, একুব্বার, টিক্কা ওরফে জাব্বার, লাবলু, ফিরোজ ওরফে ফরু, লাল্টু ওরফে নুরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নিু আদালত।
ইলিয়াস, রাশেদুল, আনোয়ার, সাহিরসহ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা নিু আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন।
তাদের আবেদনে হাইকোর্ট যাবজ্জীবনপ্রাপ্তদের দণ্ড থেকে খালাস দেওয়ার পাশাপাশি নয় জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। তবে নিু আদালতে মৃত্যুদণ্ড পাওয়া সাহির হাইকোর্ট থেকে খালাস পেয়ে যান।
এরপর হাইকোর্টের খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করে। অন্যদিকে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় ইলিয়াস, রাশেদুল ও আনোয়ার হোসেন হাইকোর্টের আদেশে বিরুদ্ধে আপিলের আবেদন করে।
আপিল বিভাগের আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির সাংবাদিকদের বলেন, "এর মধ্য দিয়ে গারেস, তাসিরুদ্দিন, আসগর জোয়ারদার, নজরুল ইসলাম, ওয়ালিউর রহমান, একুব্বার, টিক্কা ওরফে জাব্বার, লাবলু, ফিরোজ ওরফে ফরু, লাল্টু ওরফে নুরুজ্জামানকে খালাসে হাইকোর্টের আদেশ বহাল রইলো।
"পাশাপাশি ইলিয়াস, রাশেদুল ইসলাম, আনোয়ার হোসেনের মৃত্যুদণ্ডও বহাল থাকলো।"
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাহির ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া রাফার বিষয়ে সোমবার আদেশ হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৮১০ ঘ.
bdnews24