প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নবাবগঞ্জের ৭৩, ডুরিআংগুল লেনের গৃহবধূ রানী ইসলাম ২০০৮ সালের ২৪ নভেম্বর লালবাগ থানায় তার দেবর ও ভাসুরের বিরুদ্ধে একটি মামলা করেন।
অ্যাসিড অপরাধ দমন আইনের ওই মামলার এজাহারে রানী বলেন, ওই দিন সকালে তার স্বামী আমিনুল নাস্তা আনার জন্য হোটেলে যান। তিনি সকাল সাড়ে ৭টার দিকে তাদের শোবার ঘরে বিছানায় তার দেড় বছর বয়সী শিশুপুত্র রিফাতকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন। আর বড় ছেলে মো. কামরুল ইসলাম শান্ত (১৫) আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলো। তখন দেবর রায়হান ইসলাম বাবু (৩০) ও ভাসুর মো. সালাউদ্দিন (৩২) শান্তকে এসিড ছুড়ে দৌড়ে পালিয়ে যায়। শান্তর ঘাড়ে ও কানে এসিড লাগে। সে চিৎকার করে বলতে থাকে- 'বাবু চাচা, সালাহউদ্দিন চাচা আমাকে এসিড মেরেছে'।
সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ অ্যাসিড সন্ত্রাসের ঘটনা ঘটেছে বলে এজাহারে বলা হয়। বাদি বলেন, ঘটনার ২৫/২৬ দিন আগে তার শ্বশুরের কাছ থেকে দেবর রায়হান ও ভাসুর সিরাজুল জোর করে সম্পত্তি লিখিয়ে নেয়। শ্বশুর এ নিয়ে মামলা করেন, যার নথিপত্র রীনার কাছে ছিলো। চাওয়ার পরও ওই নথিপত্র না পেয়ে বাদির ছেলের ওপর অ্যাসিড ছোড়ে আসামিরা।
শান্তকে পরীক্ষার পর তার দেহে অ্যাসিডের ক্ষতের প্রমাণ পায় চিকিৎসকরা। তদন্তেও অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ অভিযোগপত্র দেয় আদালতে। এরপর মামলার বিচার শুরু হয় ঢাকার জেলা জজ ও অ্যাসিড অপরাধ দমন ট্রাইবুনালে।
তবে বাদি রানী ইসলাম সাক্ষী হিসাবে আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন, "আসামিদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আসামিরা খালাস পেলে আমার কোনো আপত্তি নেই।"
আহত শান্ত, যে কি না ইংরেজি মাধ্যমের একটি স্কুলে পড়ে, গত বছরের ২৪ জুন আদালতে বলে, "কারা অ্যাসিড মেরেছে আমি জানি না। আমি তাদের সনাক্ত করতে পারছি না।"
আসামিদের বাবা ও বাদির শ্বশুর আবদুস ছামাদও গত বছরের ১৬ মে আদালতে সাক্ষ্যে বলেন, "অ্যাসিড মারতে কেউ দেখেনি। আমার নাতি এখন ভালো আছে।"
মামলাটিতে এ পর্যন্ত রাষ্ট্রপক্ষে সাত জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ রকম সাক্ষ্যের কারণে আসামিদের খালাস পাওয়ার সম্ভাবনা খুব বেশি।
বাদি ও সাক্ষীরা উল্টে যাওয়ার পরও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার দায়িত্বে থাকা তৎকালীন বিশেষ পাবলিক প্রসিকিউটর শেখ সিরাজুল ইসলাম সিরাজ বাদি, ভিকটিমসহ অপর সাক্ষীদের বৈরী ঘোষণা করতে কোনো আবেদন করেননি। মামলার সময় এক রকম এবং পরে অন্য রকম বক্তব্য দিলেও আদালতের তৎকালীন বিচারক ভবানী প্রসাদ সিংহও সাক্ষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।
তবে তা নেওয়া উচিত ছিলো বলে মনে করেন অ্যাসিড ট্রাইবুনালের বর্তমান বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. আনোয়ার উল্যাহ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি তখন এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকলে এ সব সাক্ষীদের বৈরী ঘোষণা করে জেরা করতাম। নইলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের কাছে আবেদন করতাম। হয় তারা মিথ্যা মামলা করেছে, না হয় আসামিদের সঙ্গে আপস করেছে। পুলিশ ও বিচার বিভাগের সময় ও অর্থ নষ্ট করার অধিকার তাদের নেই।"
মুখে এ কথা বললেও অনুসন্ধানে দেখা যায়, এ সরকারি কৌঁসুলিও সুযোগ থাকার পরও সাক্ষীদের আদালতে এসে পুনরায় সাক্ষ্য দিতে ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী ডাকেননি।
এভাবেই অ্যাসিড নিক্ষেপের মতো অপরাধ করেও বেশিরভাগ অপরাধী পার পেয়ে যাচ্ছে।
গত ২০ জুনে অনুষ্ঠিত সরকারের অ্যসিড সন্ত্রাস দমন মনিটরিং সেলে ষষ্ঠ সভার বিবরণ অনুযায়ী, সারা দেশের বিভিন্ন আদালতে ১ হাজার ৬৩৭টি মামলা হয়েছে। এর মধ্যে ৪৪২টি মামলার সব আসামিই খালাস পেয়েছে। ১৬৭ মামলার আসামি পেয়েছে সাজা। তদন্তের পর্যায়ে রয়েছে ১৮টি মামলা।
এসব মামলার মধ্যে অভিযোগপত্র দাখিল হয় ৯৭৯টির। আর তদন্তে মামলার ঘটনা প্রমাণিত না হওয়ায় ৬৪০টিতে আসামিদের অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।
ওই সভার তথ্য অনুযায়ী, এ সব মামলার মধ্যে সাজাপ্রাপ্ত আসামি হলো ২৮১ জন। এর মধ্যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে ১৩ জনের বিরুদ্ধে, আর যাবজ্জীবন সাজা হয়েছে ১০২ জনের। খালাস পাওয়া আসামির সংখ্যা ১ হাজার ৫৬৭।
পিপি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার আদালতে এ ধরনের মামলায় ঘটনা সত্য হলেও অনেক ক্ষেত্রেই অর্থ লেনদেনের মাধ্যমে আপস হয়ে যায়। বিচারে দেরি হওয়াও আপসের পথ সুপ্রশস্ত করে।
গত জানুয়ারি মাসে এ আদালতের মামলার তালিকা খাতা (কজ লিস্ট) ও নিবন্ধন খাতা ঘেঁটে দেখা যায়, এ আদালতে ৫০টির মতো মামলা রয়েছে। তবে সেরেস্তাদার কমল পাল জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী ঢাকার এ আদালতে মামলার সংখ্যা ৩৯টি।
"এ আদালতের বাইরেও ঢাকার কয়েকটি অতিরিক্ত জেলা জজ আদালতেও এ সব মামলা পরিচালনার এখতিয়ার দেওয়া হয়েছে। ঢাকার দ্বিতীয় ও পঞ্চম অতিরিক্ত জেলা জজ আদালতেও বেশ কয়েকটি অ্যাসিড মামলা বিচারাধীন রয়েছে", যোগ করেন কমল।
অনুসন্ধানে দেখা যায়, ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার বিধান থাকলে অ্যাসিড সন্ত্রাসের মামলায় বছরের পর বছর তারিখ পড়ছে। আবার নির্ধারিত এ সময়ের মধ্যে বিচার শেষ না হলে কী হবে, তা আইনে স্পষ্ট বলা নেই।
আদালতের পেশকার আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশেষত রাজধানী ঢাকায় এ রকম মামলায় দরিদ্র বাদি, দরিদ্র সাক্ষীরা ভাসমান থাকায় তাদের ঠিকানায় সাক্ষীর সমন বা গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলেও তা ফেরত আসছে।
ঢাকার অ্যাসিড অপরাধ দমন ট্রাইবুনালের কৌঁসুলি, আদালত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ আদালতে বেশির ভাগ মামলায়ই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের অভাবে নিষ্পত্তি করা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১০০৭ ঘ.
bdnews24