চট্টগ্রাম, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে চালককে ছুরি মেরে প্রাইভেট কার ছিনতাই করেছে দুই দুর্বৃত্ত।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নগরীর হালিশহর থানার সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আহত গাড়ি চালক দ্বীন ইসলামকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হালিশহর কে ব্লকের ৩ নম্বর সড়কে দাঁড় করিয়ে রাখা 'এক্স করোলা' মডেলের টয়োটা প্রাইভেট কারটির চালককে ছুরিকাঘাত করে দুই দুর্বৃত্ত গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা জানান, গাড়ির মালিকের ছেলে ওই সড়কের একটি ভবনে প্রাইভেট পড়তে গিয়েছিল। চালক তার জন্যই সেখানে অপেক্ষা করছিল।
এ ঘটনায় আহত দ্বীন ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্বীন ইসলামের হাতে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
ছিনতাই হওয়া প্রাইভেট কারটির মালিক মাশুকুর রহমান একজন ব্যবসায়ী বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/২৩৫০ ঘ.
bdnews24