গোপালগঞ্জ, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসভাড়াকে কেন্দ্র করে গোপালগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে তিন দিন ধরে চলা দ্বন্দ্বের অবসান হয়েছে।
পুলিশ ও শ্রমিক নেতারা জানান, বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুই পক্ষের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চালুর ঘোষণা দিয়েছে বাস শ্রমিকরা।
সোমবার অর্ধেক ভাড়া নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। এসময় শ্রমিকরা ছয় ছাত্রকে আটক করে প্রহার করে বলে অভিযোগ রয়েছে।
পরে এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়ক চন্দ্রদীঘলিয়ায় অবরোধ করে।
বুধবার প্রশাসন বিষয়টি সুরাহার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। কিন্তু ওইদিন বেলা ১১টা পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৫টি বাস ভাংচুর করে। এসময় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।
বাস ভাংচুরের প্রতিবাদে জেলা মটর শ্রমিকরা বুধবার ঢাকা-খুলনা মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ করে। এসময় শ্রমিকরা কয়েকটি ইজিবাইক ভাংচুর করে। পরে প্রশাসন দোষীদের গ্রেপ্তারের প্রতিশ্র"তি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
কিন্তু কেউ গ্রেপ্তার না হওয়ায় শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয়।
গোপালগঞ্জ থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, শ্রমিকরা শিক্ষার্থীদের সঙ্গে ভালো অচরণ করবে। বাসে চলার সময় পরিচয় পত্র রাখতে হবে। আর শিক্ষার্থীরাও শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার না করার প্রতিশ্র"তি দিয়েছে। দু'পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
তিনি জানান, বৈঠকে জেলা প্রশাসক শেখ ইউসুফ, পৌর মেয়র রেজাউল হক শিকদার রাজু, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ট্রেডের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুর রহমান, শ্রমিক নেতা কাজী শরিফুল আলম রণি প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শরিফুল আলম রণি সাংবাদিকদের জানান, সভা বিকাল ৫টায় শুরু হয়ে সমঝোতার মধ্য দিয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে। শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০১০ ঘ.
bdnews24